হিম্মত থাকলে আমার বুকের ওপর বুলডোজার চালান! অভিষেকদের বাড়িতে পৌঁছে হুঙ্কার মমতার

হিম্মত থাকলে আমার বুকের ওপর বুলডোজার চালান! অভিষেকদের বাড়িতে পৌঁছে হুঙ্কার মমতার

 

রাস্তায় বেআইনি পুজোর নামে হেনস্থার অভিযোগ, পুলিশ ও বিরোধীদের বিরুদ্ধে তোপ মমতার

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: শনিবার সকালে কালীঘাটে নিজের বাসভবনের সামনে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন এবং বিরোধী শিবিরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, এলাকায় ইচ্ছাকৃতভাবে ‘বেআইনি’ পুজোর আয়োজন করে তার বাড়ির যাতায়াত ও নিরাপত্তার পথ রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সারারাত পাড়ার ক্লাবে কাজ করতে দেওয়া হয়নি। রাস্তার উপরে যে পুজো হচ্ছে, তা সম্পূর্ণ বেআইনি। ওখানে আগে কখনো পুজো হতো না। ইচ্ছা করে এমন করা হচ্ছে যাতে আমাদের বাড়িতে কেউ আসতে না পারে। এগুলো নিয়ে জোরজুলুম চলছে।”

নিরাপত্তার প্রশ্নে উদ্বেগ প্রকাশ করে মমতা বলেন, “রাত দুটোয় লুম্পেনদের নিয়ে এসে হামলার অর্থ কী? আমাদের সুরক্ষা ও নিরাপত্তা আজ চরম বিপদের মুখে।” নাম না করে রাজ্য পুলিশের এক শীর্ষ আধিকারিককেও সরাসরি নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি সব জানি বলাইবাবু। আপনার কী কী ক্ষমতা এবং কপালে কী প্রোমোশন আছে, তা আপনার ব্যাপার। তবে মনে রাখবেন, সাধারণ মানুষের মধ্যে যদি জনরোষের বিস্ফোরণ ঘটে, তবে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।”

পুলিশ প্রশাসনের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল নেত্রী বলেন, “কত বুলডোজার আছে আপনাদের? হিম্মত থাকলে আসুন, আমার বুকের উপর চালিয়ে দেখান।” সেই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের নারীদের একজোট হয়ে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

দলনেত্রীর এই আক্রমণাত্মক অবস্থান ও হুঁশিয়ারি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। প্রশাসনিক মহলের একাংশও তার এই মন্তব্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *