পুরভোট নিয়ে বড় ধাক্কা, স্থগিত ভোট ঘোষণার নির্দেশ হাইকোর্টের!

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের নির্ঘণ্ট নয়: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া এবং এর বৈধতা নিয়ে চলা মামলায় বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, সিঙ্গল বেঞ্চে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুর নির্বাচনের কোনো নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না।
কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কসবার বাসিন্দা ও সিপিএম নেত্রী দীপু দাস। মামলাকারীর অভিযোগ ছিল, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান এবং প্রশাসনিক সামঞ্জস্যের বিষয়টি যথাযথভাবে মানা হয়নি। এছাড়া, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে এই পুনর্বিন্যাস করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, পুরসভা ভেঙে যাওয়ার পর ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করার আইনি ক্ষমতা পুর কমিশনারের নেই, অথচ তিনি সেই ক্ষমতা প্রয়োগ করেছেন।
এর আগে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে বিষয়টি উঠলেও সেখানে কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ মেলেনি। এরপরই মামলাকারী ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। তাঁর যুক্তি ছিল, সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী হলফনামা জমার সময়সীমা পর্যন্ত অপেক্ষা করলে পুরভোট ঘোষণা হয়ে যেতে পারে, যা মামলার প্রাসঙ্গিকতা নষ্ট করবে।
অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র দাবি করেন, বর্ধিত ওয়ার্ডের খসড়া প্রকাশের সময় আপত্তি ও পরামর্শ জানানোর সুযোগ দেওয়া হয়েছিল, তখন কেউ কোনো আপত্তি করেননি।
পুরসভা সূত্রের খবর, ওয়ার্ডে ভোটার সংখ্যার অসামঞ্জস্য দূর করতেই এই পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রতিটি ওয়ার্ডে গড়ে ২২ হাজার জনসংখ্যা নির্ধারণের লক্ষ্য থাকলেও, বাস্তবায়নের ক্ষেত্রে প্রায় ৩০ শতাংশ ওয়ার্ডে তা সম্ভব হয়নি। এই অসামঞ্জস্য নিয়েই মূলত সরব হয়েছে বিরোধী পক্ষ। উভয়পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত এই অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল।