দীপাবলির আগেই বড় ধাক্কা, ব্লিঙ্কইট ও জেপ্টোসহ ১০৫টি সংস্থার লাইসেন্স বাতিল!

মহারাষ্ট্রে খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনে কুইক-কমার্স প্ল্যাটফর্মের লাইসেন্স স্থগিত, বাজেয়াপ্ত কোটি টাকার সামগ্রী
নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রে খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের দায়ে ব্লিঙ্ক কমার্স (Blink Commerce) ও জেপ্টো (Zepto)-র মতো জনপ্রিয় কুইক-কমার্স প্ল্যাটফর্মের লাইসেন্স স্থগিত করল রাজ্য সরকারের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। সম্প্রতি দুই দিনব্যাপী এক বিশেষ অভিযানে ৬৯টিরও বেশি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে প্রায় ১.৩৫ কোটি টাকা মূল্যের ৩৯,৪৮৫ কেজি অনিরাপদ ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করেছে প্রশাসন।
সরকারি তথ্য অনুযায়ী, শুধুমাত্র মুম্বাই অঞ্চলেই ২৮টি খাবারের দোকানের লাইসেন্স স্থগিত করা হয়েছে। এর মধ্যে ‘রাজধানী বিরিয়ানি সেন্টার’ নামক একটি প্রতিষ্ঠানের লাইসেন্স পুরোপুরি বাতিল করা হয়েছে। মুম্বাই মেট্রোপলিটন এলাকা থেকে ১৩.৮৭ লক্ষ টাকার প্রায় ২৪০০ কেজি খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযানে উঠে এসেছে একাধিক গুরুতর অভিযোগ। এর মধ্যে রয়েছে—স্বাস্থ্যবিধি অমান্য করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, খাবার তৈরিতে গাফিলতি, লাইসেন্স সংক্রান্ত নিয়ম লঙ্ঘন এবং দোকানের কর্মীদের স্বাস্থ্য ও প্রশিক্ষণ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্রের অভাব।
উদাহরণস্বরূপ, মালাডের ‘জেঠারাম চুনিরাম পুনিয়া’ নামক প্রস্তুতকারক সংস্থার থেকে লেবেলিংহীন খাদ্যপণ্য বাজেয়াপ্ত করা হয়। এছাড়া, ভিলে পার্লের ‘জামনাগরি সুইটস অ্যান্ড ফারসান’-এর খাবারে কৃত্রিম রঙের আধিক্য ধরা পড়ায় সেখান থেকেও ৪৪ কেজি বুন্দিয়ার লাড্ডু ও কালাকাঁদ বাজেয়াপ্ত করা হয়েছে।
উৎসবের মরশুমকে সামনে রেখে খাদ্য ব্যবসায়ীদের সতর্ক করেছিল এফডিএ। এই বিশেষ অভিযানের বিষয়ে এফডিএ কমিশনার তুকারাম মুন্ধে স্পষ্ট জানিয়েছেন, নিয়ম লঙ্ঘনকারী ছোট বা বড় কোনো সংস্থাকেই ছাড় দেওয়া হবে না। জনস্বাস্থ্যের সুরক্ষায় আগামী দিনেও এই ধরনের সারপ্রাইজ ভিজিট ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সরকারি তরফে জানানো হয়েছে।