এক কেজি মিষ্টির দাম ১ লক্ষ ২৩ হাজার টাকা! দীপাবলিতে ভাইরাল এই গোল্ড কয়েন মিষ্টিতে আসলে কী আছে?

জয়পুরে অভিনব উদ্যোগ: ১ লক্ষ ২৩ হাজার টাকা কেজি দরের সোনার মিষ্টি ‘তিওহার আশরফি’
জয়পুর: জয়পুরের একটি মিষ্টির দোকানে তৈরি হয়েছে ‘তিওহার আশরফি’ নামের এক বিশেষ মিষ্টি, যা তার উচ্চমূল্য এবং রাজকীয় উপাদানের কারণে নজর কাড়ছে। দেখতে অবিকল সোনার মুদ্রার মতো এই মিষ্টির প্রতিটির দাম ১ হাজার ১১১ টাকা। সেই হিসেবে এই মিষ্টির প্রতি কেজির দাম দাঁড়াচ্ছে প্রায় ১ লক্ষ ২৩ হাজার টাকা।
দোকানের প্রতিষ্ঠাতা অঞ্জলি জৈনের উদ্যোগে তৈরি এই মিষ্টির প্রতিটি টুকরোর ওজন মাত্র ৯ গ্রাম। মিষ্টিটির ভেতরে রয়েছে বাদামের মিশ্রণ এবং স্বর্ণভস্ম বা খাওয়ার উপযোগী সোনার উপাদান। এর বাইরের অংশে রয়েছে সোনার পাত ও জাফরানের আস্তরণ, যা একে ঝকঝকে সোনার মুদ্রার রূপ দিয়েছে।
প্রাচীনকালে রাজা-মহারাজারা সম্মান প্রদর্শনের বা উপহারের মাধ্যম হিসেবে যে সোনার মুদ্রা বা আশরফি ব্যবহার করতেন, সেই রাজকীয় ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই এই মিষ্টির পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তা। ১ হাজার ১১১ সংখ্যাটিকে শুভ মনে করা হয় বলেই প্রতিটি মিষ্টির দাম এই অঙ্কে নির্ধারণ করা হয়েছে। গ্রাহকদের জন্য নয়টি আশরফির একটি বিশেষ বাক্সের দাম রাখা হয়েছে ৯ হাজার ৯৯৯ টাকা।
উল্লেখ্য, এই দোকানে ‘তিওহার আশরফি’ ছাড়াও ‘তিওহার নবরত্ন’ নামে বিশেষ কাজু কাটলি পাওয়া যাচ্ছে। ন’টি রত্নের অনুপ্রেরণায় তৈরি এই মিষ্টিতে পেস্তা, জাফরান, গোলাপ, স্ট্রবেরি, আম ও ম্যাচার মতো ভিন্ন ভিন্ন স্বাদের সংমিশ্রণ ব্যবহার করা হয়েছে।