মিড-ডে মিলের খাবারে বড় চমক, এবার রাজ্যের স্কুলে দায়িত্ব পেল অন্নামৃত!

মিড-ডে মিলের খাবারে বড় চমক, এবার রাজ্যের স্কুলে দায়িত্ব পেল অন্নামৃত!

 

রাজ্যে মিড-ডে মিলের গুণমান বৃদ্ধিতে ‘সেন্ট্রাল কিচেন’ চালুর উদ্যোগ, দায়িত্ব পেল অন্নামৃত ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের স্কুলগুলিতে মিড-ডে মিলের মানোন্নয়ন এবং পুষ্টি নিশ্চিত করতে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কেন্দ্রীয় ও রাজ্য যৌথ উদ্যোগে পরিচালিত ‘প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ’ (পিএম পোষণ) প্রকল্পের আওতায় এবার রাজ্যজুড়ে আধুনিক ‘সেন্ট্রাল কিচেন’ বা কেন্দ্রীয় রান্নাঘর তৈরির নীতিগত অনুমোদন দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। শনিবার এ বিষয়ে রাজ্যের সমস্ত জেলাশাসককে আনুষ্ঠানিকভাবে নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন।

এর আগে দক্ষিণ কলকাতা ও সংলগ্ন এলাকায় পরীক্ষামূলকভাবে অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে মিড-ডে মিল সরবরাহের কাজ শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সূচনা করা সেই প্রকল্পের সাফল্যে উৎসাহিত হয়েই এবার গোটা রাজ্যে এই ব্যবস্থা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি জেলায় ধাপে ধাপে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন সেন্ট্রাল কিচেন গড়ে তোলা হবে। এই রান্নাঘর থেকে অত্যন্ত পরিচ্ছন্ন ও বিজ্ঞানসম্মত উপায়ে খাবার তৈরি করে বিশেষ থার্মাল ও হাইজিনিক ট্রাকের মাধ্যমে নির্দিষ্ট সময়ে স্কুলগুলিতে পৌঁছে দেওয়া হবে।

এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসনকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে:

  • তথ্য সংগ্রহ: অন্নামৃত ফাউন্ডেশনকে প্রতিটি জেলার সরকারি ও সরকার পোষিত স্কুলের সংখ্যা, পড়ুয়ার সংখ্যা এবং ভৌগোলিক অবস্থান সংক্রান্ত নিখুঁত তথ্য দ্রুত হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
  • উদ্দেশ্য: স্কুলের পড়ুয়াদের মধ্যে পুষ্টির মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা এবং স্কুলে উপস্থিতির হার বৃদ্ধি করা।

শিক্ষা দপ্তরের এই পদক্ষেপে রাজ্যের স্কুলগুলিতে মিড-ডে মিলের বিশুদ্ধতা ও সময়মতো সরবরাহ নিশ্চিত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *