উদ্বোধনের আগেই ছাই ৩০ লক্ষ টাকার প্যান্ডেল, মাথায় হাত পুজো কমিটির!

শর্ট সার্কিটে ভস্মীভূত যশোড়াকালি বাজারের পুজো মণ্ডপ, ক্ষতির পরিমাণ ৩০ লক্ষ টাকা
নিজস্ব সংবাদদাতা, পাঁশকুড়া: অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল যশোড়াকালি বাজারের ৫৯তম বর্ষের ঐতিহ্যবাহী পুজোর মণ্ডপ। মঙ্গলবার রাতের এই দুর্ঘটনায় প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গিয়েছেন মণ্ডপের ভেতরে থাকা কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর মণ্ডপ সজ্জায় তালপাতা, জালি, নিম কাঠ এবং কাঠের গুঁড়োর মতো অত্যন্ত দাহ্য সামগ্রী ব্যবহার করা হয়েছিল। আগুনের সূত্রপাত হতেই দাহ্য উপাদানের কারণে মুহূর্তের মধ্যে তা গোটা মণ্ডপে ছড়িয়ে পড়ে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু তার আগেই সুদৃশ্য মণ্ডপটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘটনার সময় মণ্ডপের ভেতরে কমিটির কয়েকজন সদস্য ও কর্মী উপস্থিত ছিলেন। আগুন লাগার পর তাঁরা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। খবর পেয়েই পাঁশকুড়া থানার আইসি, ট্র্যাফিক ওসি, কোলাঘাটের ট্র্যাফিক ইন্সপেক্টর এবং দমকলের পদস্থ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
এত বড় বিপর্যয়ের পরেও পুজোর আয়োজকরা হাল ছাড়তে নারাজ। পুজো কমিটির সদস্য গোপাল মাইতি জানান, মাত্র ১০ মিনিটের মধ্যে চোখের সামনে সব শেষ হয়ে গেলেও, তাঁরা কোনোভাবেই পুজো বন্ধ হতে দেবেন না। নিয়ম মেনে ছোট আকারে হলেও মা কালীর পুজো সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। কীভাবে পুনরায় পুজোর আয়োজন করা যায়, তা নিয়ে জরুরি বৈঠক করছেন উদ্যোক্তারা।