হামলার মুখেও দেড় কোটির বিক্রি! বই পৌঁছে দিতে এবার মানুষের দুয়ারে সিপিএম

হামলার মুখেও দেড় কোটির বিক্রি! বই পৌঁছে দিতে এবার মানুষের দুয়ারে সিপিএম

 

নভেম্বর বিপ্লবের স্মরণে বামেদের বই প্রচার কর্মসূচি: বাড়ি বাড়ি পৌঁছানোর ডাক

নিজস্ব প্রতিবেদক: নভেম্বর বিপ্লব উপলক্ষ্যে রাজ্যজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বই প্রচারের উদ্যোগ নিল বামেরা। কেবল মিছিল বা বুক স্টল নয়, এবার বাড়ি বাড়ি বই পৌঁছে দেওয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সিপিএম সহ বামপন্থী দলগুলো। আগামী ১৫ নভেম্বর ‘দুনিয়া কাঁপানো দশদিন’ স্মরণে সংগঠনের কর্মীরা কাঁধে ঝোলা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে বই পৌঁছে দেবেন।

শনিবার রাজ্যজুড়ে নভেম্বর বিপ্লব পালিত হয়। এদিন সকালে ধর্মতলায় লেনিন মূর্তিতে মাল্যদান করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং এসইউসিআইয়ের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। এই দিন থেকেই রাজ্যে শুরু হয়েছে বামেদের বুক স্টল কর্মসূচি। বেহালায় একটি বুক স্টলের উদ্বোধন করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

তবে এই কর্মসূচি ঘিরে বিভিন্ন জায়গায় পুলিশের বাধার অভিযোগ তুলেছে বামেরা। দলটির দাবি, শনিবার রাতে বালিগঞ্জে পুলিশের বাধার মুখে পড়ে বুক স্টল বন্ধ করতে হয়, যার ফলে কর্মীরা স্কুটারের ওপর বই রেখেই বিক্রি চালিয়েছেন। যাদবপুর লায়েলকা মাঠেও পুলিশ স্টল বন্ধ করতে এসেছিল বলে অভিযোগ।

বই বিক্রির পরিসংখ্যান তুলে ধরে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “শারদ উৎসবের সময় এবার ১ কোটি ৫৩ লক্ষ ১২ হাজার ৬৮৪ টাকার বই বিক্রি হয়েছে, যা গত বছর ছিল ৯০ লক্ষ ১২ হাজার ৮০৬ টাকা। গতবার ১ হাজার ১০টি স্টল হলেও এবার ১ হাজার ১০৬টি স্টল দেওয়া হয়েছিল।” তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে রাজ্যজুড়ে ৩১৬টি বুক স্টলে হামলা চালানো হয়েছে।

সুজন চক্রবর্তী জানান, ৩১ অক্টোবর থেকে শুরু হওয়া কর্মসূচির অঙ্গ হিসেবে ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত নানা কার্যক্রম চলছে। এর মধ্যে ১৫ নভেম্বর ‘ঘরে ঘরে বুক স্টল’ কর্মসূচির মাধ্যমে বাম শাখা ও এরিয়া কমিটির সদস্যরা ঝোলা ভর্তি নতুন বই নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছাবেন। এবারের তালিকায় শারদ উৎসবে বুক স্টলে হামলার ঘটনাক্রম নিয়ে প্রকাশিত বইও থাকছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *