স্বর্গের আশায় ১৯০ শিশুর মর্মান্তিক মৃত্যু: জানুন নেপথ্যের সেই ভয়াবহ ঘটনা!

কেনিয়ায় ১৯১ জনকে অনাহারে হত্যার দায়ে ধর্মীয় নেতার ২০০ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক:
কেনিয়ার মোম্বাসার একটি আদালত বিতর্কিত ধর্মীয় নেতা পল ম্যাকেঞ্জিকে ২০০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। ১৯০ জন শিশুসহ ১৯১ জনকে অনাহারে রেখে নৃশংসভাবে হত্যার দায়ে গত শুক্রবার (৬ নভেম্বর) আদালত এই রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, অনাহারে আত্মহত্যার প্ররোচনা ও হত্যার দায়ে ১০০ বছর এবং সরাসরি খুনের ঘটনায় আরও ১০০ বছর—সর্বমোট ২০০ বছরের সাজা দেওয়া হয়েছে ম্যাকেঞ্জিকে।
তদন্তকারী কর্মকর্তাদের ভাষ্যমতে, পল ম্যাকেঞ্জি ‘গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চ’-এর আড়ালে একটি চরমপন্থী গোষ্ঠী পরিচালনা করতেন। অনুসারীদের মগজধোলাই করে তিনি বিশ্বাস করাতেন যে, পৃথিবী ধ্বংসের আগেই অনাহারে মৃত্যু বরণ করলে সরাসরি স্বর্গে যাওয়া সম্ভব। যারা নির্দেশ অমান্য করে খাবার গ্রহণের চেষ্টা করত, তাদের ওপর চালানো হতো অমানবিক শারীরিক নির্যাতন।
২০২৩ সালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পল ম্যাকেঞ্জিকে গ্রেফতার করে। এরপর দক্ষিণ-পূর্ব কেনিয়ার শাকাহোলা বনের গহীনে অভিযান চালিয়ে গণকবর ও শৌচাগারের গর্ত থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হয়। এ পর্যন্ত ওই এলাকা থেকে ৪০০টিরও বেশি মরদেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে ১৯১ জনের মৃত্যুর ঘটনায় এই দণ্ড প্রদান করা হলো। অনেককে জীবিত অবস্থায় গণকবরে পুঁতে ফেলার প্রমাণও পেয়েছে তদন্তকারী দল।
আদালতে পল ম্যাকেঞ্জি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করলেও বিচারক তা খারিজ করে দেন। তদন্তে আরও উঠে আসে যে, ২০১৯ সালে প্রশাসনের নির্দেশে চার্চ বন্ধ হওয়ার পর ম্যাকেঞ্জি শাকাহোলা বনে আস্তানা গাড়েন। সেখানে অনুসারীদের সন্তানদের স্কুলে যাওয়া ও অসুস্থদের চিকিৎসা নেওয়া নিষিদ্ধ করেছিলেন তিনি।
বর্তমানে ম্যাকেঞ্জির বিরুদ্ধে সন্ত্রাসবাদসহ আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। কারাগারে থাকা অবস্থাতেও তিনি হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। কেনিয়ার ইতিহাসের এই অন্যতম ভয়াবহ ঘটনায় দেশটির ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি ও কঠোর আইন প্রণয়নের দাবি জোরালো হয়েছে।