৮৬ পল্লীর ছিন্নমস্তা পুজোয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র! কী সেই অলৌকিক রহস্য?

৮৬ পল্লীর ছিন্নমস্তা পুজোয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র! কী সেই অলৌকিক রহস্য?

 

পুরুষবর্জিত মণ্ডপে তন্ত্রমতে আরাধনা: চেতলার ৮৬ পল্লীর কালীপুজো ঘিরে আজও অটুট বিস্ময়

নিজস্ব প্রতিবেদন: আধুনিকতার ভিড়েও নিজস্ব তান্ত্রিক ঐতিহ্য ও কড়া নিয়মনীতি আঁকড়ে রেখে প্রতি বছরই আলোচনার কেন্দ্রে উঠে আসে চেতলার ৮৬ পল্লীর কালীপুজো। ৫২ বছরে পা দেওয়া এই পুজোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো মণ্ডপে মহিলাদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা।

ক্লাব সূত্রে জানা যায়, পুজোর শুরুর দিকে এক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মহালয়ার কিংবদন্তি কণ্ঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। সেই সময় তিনি ক্লাব কর্তাদের পরামর্শ দিয়েছিলেন, এই দেবীর পুজো অত্যন্ত নিষ্ঠা ও কঠোর নিয়মের মধ্যে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে পুজো চলাকালীন মণ্ডপে কোনো মহিলার প্রবেশ নিষিদ্ধ রাখার নির্দেশও দিয়েছিলেন তিনি। সেই পরামর্শই কালক্রমে এই পুজোর অটুট রীতিতে পরিণত হয়েছে।

এই নিষেধাজ্ঞার নেপথ্যে রয়েছে এক অলৌকিক বিশ্বাসের কাহিনী। পুজো কমিটির সম্পাদক সুমিত বিশ্বাস জানান, বহু বছর আগে নিয়ম ভেঙে এক মহিলা কৌতুহলবশত মণ্ডপে প্রবেশ করেছিলেন। অভিযোগ, ঠিক সেই মুহূর্তেই মণ্ডপে অলৌকিকভাবে আগুন ধরে যায়। এই ঘটনার পর থেকেই এলাকাবাসী ও ক্লাব সদস্যরা দেবী ছিন্নমস্তার মাহাত্ম্য ও ‘কোপ’ নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ। কমিটির সদস্যদের দৃঢ় বিশ্বাস, পুজোর নিয়ম ও নিষ্ঠায় সামান্য বিচ্যুতি ঘটলে বড় বিপদ ঘটতে পারে।

তবে বিপদের আশঙ্কার পাশাপাশি রয়েছে অলৌকিক প্রাপ্তির আখ্যানও। কমিটির দাবি, প্রতি বছর পুজো শুরুর আগে তীব্র আর্থিক সংকট দেখা দিলেও, পুজোর দিন রাতেই ভক্তদের বিপুল দান ও চাঁদায় সমস্ত খরচ অলৌকিকভাবে মিটে যায়।

উল্লেখ্য, এই পুজোয় দেবী ছিন্নমস্তার আরাধনা করা হয় সম্পূর্ণ তন্ত্রমতে। দেবীর সঙ্গেই পুজো পান তাঁর দুই সহচরী ডাকিনী ও যোগিনী। ঐতিহ্য মেনে আজও এখানে বলবৎ রয়েছে পাঁঠাবলি প্রথা। এ বছর ১৪ ফুট উচ্চতার সুবিশাল প্রতিমা তৈরি করছেন বেহালার বিশিষ্ট শিল্পী সনদ পাল। ৪০ ফুট উঁচু সাবেকি মণ্ডপে এই তান্ত্রিক ঐতিহ্যের টানেই প্রতি বছর দূর-দূরান্ত থেকে বহু ভক্ত ভিড় জমান চেতলার ৮৬ পল্লীতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *