মাত্র ৫ টাকায় ভরপেট মাংস-ভাত, অবিশ্বাস্য এই উদ্যোগ নজর কাড়ছে সবার!

পাঁচ টাকার বিনিময়ে মাংস-ভাত: শান্তিপুরের ‘মা আহার’ ক্যান্টিনে খুশি সাধারণ মানুষ
শান্তিপুর: মাত্র পাঁচ টাকার বিনিময়ে পুষ্টিকর আহার প্রদানের লক্ষ্য নিয়ে শান্তিপুর পুরসভার উদ্যোগে পরিচালিত ‘মা আহার’ ক্যান্টিনে এবার যোগ হলো মাংস-ভাত। এতদিন স্বল্পমূল্যে মাছ, ডিম ও নিরামিষ খাবারের ব্যবস্থা থাকলেও, উপভোক্তাদের দীর্ঘদিনের আবদার মেনে মেনুতে এই বিশেষ সংযোজন করা হয়েছে।
২০২১ সাল থেকে স্থানীয় একটি স্বনির্ভর গোষ্ঠীর সহায়তায় এই ক্যান্টিনটি পরিচালিত হচ্ছে। গোষ্ঠীর সদস্যা মায়া দাস জানান, সপ্তাহের সোম ও শুক্রবার মাছ, বুধ ও শনিবার ডিম এবং বাকি তিন দিন ডাল-সবজি ও ভাত পরিবেশন করা হয়। দুর্গাপূজার সময় উপভোক্তারা মাংসের দাবি জানিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, ছুটি শেষে পুরসভার উদ্যোগে এদিন প্রথমবার দুস্থ ও খেটে খাওয়া মানুষদের পাতে গরম মাংস-ভাত তুলে দেওয়া হয়েছে।
বর্তমানে এই ক্যান্টিনে প্রতিদিন গড়ে প্রায় ১১০টি মিল তৈরি করা হয়। অনেক উপভোক্তা নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও খাবার নিয়ে যান। এ বিষয়ে মায়া দাস বলেন, “আর্থিক লাভের চেয়েও সাধারণ মানুষের সেবা করাই আমাদের মূল উদ্দেশ্য।”
বাজারের অগ্নিমূল্যের বাজারে মাত্র পাঁচ টাকায় এমন খাবার পেয়ে উচ্ছ্বসিত এলাকার মানুষ। নিয়মিত গ্রাহক চন্দনা বিশ্বাস কর্মকার জানান, সব ঋতুতেই এই ক্যান্টিনের ওপর তাঁরা ভরসা রাখেন। এদিন মাংস পেয়ে তাঁর আনন্দ দ্বিগুণ হয়েছে। অপর এক উপভোক্তা অঞ্জনা কেরামণি বলেন, “বাজারের যে পরিস্থিতি, তাতে পাঁচ টাকার এই আহার আমাদের মতো সাধারণ পরিবারের কাছে বিরাট আশীর্বাদ।”
সরকারি এই উদ্যোগে প্রান্তিক মানুষের মুখে হাসি ফুটেছে, যা শান্তিপুর পুরসভার জনকল্যাণমূলক কাজের অন্যতম নজির হিসেবে দেখছেন স্থানীয়রা।