দীপান্বিতা অমাবস্যায় সেজে উঠছে বালির সিদ্ধেশ্বরী মন্দির, ভক্তদের উপচে পড়া ভিড়!

নতুন মন্দিরে নতুন রূপে আরাধনা: বালির জাগ্রত মা সিদ্ধেশ্বরী ও কল্যাণেশ্বর শিব
বালি: রাঢ় বাংলার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক শিবলিঙ্গ ‘কল্যাণেশ্বর’। ইতিহাসবিদ অমিয়কুমার বন্দ্যোপাধ্যায়ের তথ্য অনুযায়ী, এই শিবলিঙ্গটি অনাদি। প্রায় ৫০০ বছর আগে এই অঞ্চলটি ছিল বেতবন ও নাগা শৈব সন্ন্যাসীদের আখড়া। জনশ্রুতি রয়েছে, তৎকালীন সময়ে স্বপ্নাদিষ্ট হয়ে সন্ন্যাসীরা এই শিবলিঙ্গ উদ্ধার করেন এবং পরবর্তীতে সেখানে পাকা মন্দির নির্মিত হয়।
এই কল্যাণেশ্বর মন্দিরের পাশেই অবস্থিত মা সিদ্ধেশ্বরীর স্থান। স্থানীয়দের কাছে বাবা কল্যাণেশ্বর ও মা সিদ্ধেশ্বরী অবিচ্ছেদ্য আস্থার প্রতীক। এক সময় প্রবল ঘূর্ণিঝড়ে মা সিদ্ধেশ্বরীর মন্দির ও প্রতিমা বিধ্বস্ত হয়ে পড়লে বালির বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েন। সেই সংকটকালে মন্দির পুনর্নির্মাণের লক্ষ্যে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন স্বামী বিবেকানন্দ। তাঁর উৎসাহ ও সক্রিয় সহযোগিতায় মা সিদ্ধেশ্বরীর জন্য নতুন একচূড়াবিশিষ্ট পাকা মন্দির গড়ে ওঠে।
ঐতিহ্যবাহী এই মন্দিরের সঙ্গে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতিও জড়িত। তিনি ভক্তদের সঙ্গে নিয়ে কল্যাণেশ্বর দর্শনে এসেছিলেন এবং শিবের প্রত্যক্ষ উপস্থিতি অনুভব করেছিলেন। সেই থেকে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের কাছে এই তীর্থস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজও বেলুড় মঠ থেকে নিয়মিত এই মন্দিরে পুজো পাঠানো হয় এবং সারা বছর সন্ন্যাসীরা শিবের মাথায় জল ঢালতে ভিড় করেন।
মন্দিরের প্রাচীন নথি অনুযায়ী, প্রতিষ্ঠার সময় এখানে বিশাল ‘নরনারায়ণ সেবা’র আয়োজন করা হয়েছিল। বর্তমানে শিব ও কালী মন্দিরে একত্রে নিত্যসেবার রীতি পালিত হয়। সকালে ফল-মিষ্টি এবং সন্ধ্যায় আরতির পর লুচির ভোগ নিবেদনের মাধ্যমে দুই দেবতাকে শয়ন দেওয়া হয়।
বিশেষভাবে উল্লেখ্য, দীপান্বিতা অমাবস্যায় মা সিদ্ধেশ্বরীর বিশেষ পুজো ও ফল বলির প্রথা রয়েছে। প্রতিবছর অঙ্গরাগের পর কালীপুজোয় বেনারসি শাড়ি, সোনা-রুপোর অলংকার ও ফুলের সাজে মা সিদ্ধেশ্বরীকে সাজিয়ে তোলা হয়। শতাব্দী প্রাচীন এই মন্দির প্রাঙ্গণ আজও বালির আপামর মানুষের ভক্তি ও বিশ্বাসের প্রধান আশ্রয়স্থল হয়ে টিকে আছে।