জাঙ্গিপাড়ায় ২৫০ বছরের পুরনো বড়ো কালীর আরাধনায় উপচে পড়ল লক্ষ ভক্তের ভিড়!

অলৌকিক মাহাত্ম্য ও শতাব্দী প্রাচীন ঐতিহ্য মেনে পালিত হয় রক্ষাকালী পুজো
নিজস্ব প্রতিবেদক: প্রথাগত নিয়ম ও লোকবিশ্বাস মেনে এবারও আয়োজিত হতে চলেছে প্রাচীন রক্ষাকালী পুজো। ছাঁচ ব্যবহার না করে শিল্পীর হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি এই নীল রঙের দু’হাতের কালী মূর্তির বিশেষত্ব হলো, পুজোর আনুষ্ঠানিকতা শেষে সূর্যোদয়ের আগেই স্থানীয় পুকুরে তা বিসর্জন দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এই গ্রামে প্রথাগত শ্যামা কালীপুজো হয় না। তার আগের দিন ছেলে কালী, মেজ কালী ও নেড়া কালীসহ বিভিন্ন দেবীর আরাধনা করা হয়। তবে গ্রামের মূল আকর্ষণ হলো ‘বড়ো মা’ বা রক্ষাকালী পুজো। এই পুজোর নেপথ্যে রয়েছে এক প্রাচীন জনশ্রুতি। কথিত আছে, বহু বছর আগে এক ভয়াবহ মহামারীর কবলে পড়ে গ্রামবাসী ভিটেমাটি ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সংকটময় মুহূর্তে হরিপ্রবোধ মিত্র নামে এক ব্যক্তি পরিবারসহ গ্রাম ছাড়ার সময় এক বয়স্কা মহিলার দেখা পান। সেই মহিলা তাদের অভয় দিয়ে গ্রামের শ্মশানঘাটে দেবী রক্ষাকালীর পুজো শুরু করতে বলেন। দেবীর নির্দেশমতো বন্দ্যোপাধ্যায়, সরকার, বিশ্বাস, দত্ত ও দে পরিবারের উদ্যোগে শুরু হয় পুজো। মিত্র বাড়ি সেবায়েতের দায়িত্ব পায় এবং বন্দ্যোপাধ্যায় পরিবার হয় পুরোহিত। পুজোর পর থেকেই গ্রাম থেকে মহামারী দূর হয় এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে।
গ্রামের প্রাচীন ঐতিহ্য অনুযায়ী, দেবীর নির্দেশ মেনে এখনও মণ্ডপ তৈরিতে তালপাতা ব্যবহার করা হয় এবং মাটির বেদীতে পঞ্চমুণ্ডের আসন পাতা হয়। মন্দির পাকা করার অনুমতি নেই। এই পুজোয় বাইরের কোনো মানুষের কাছ থেকে চাঁদা নেওয়া হয় না। কুমোরবাড়ি থেকে বিশাল প্রতিমা মণ্ডপে নিয়ে আসার জন্য গ্রামের বাছাই করা যুবকদের নির্দিষ্ট পোশাক পরিধান করে নিরামিষ আহার করতে হয়। পুজোর মূল প্রসাদ হিসেবে দেওয়া হয় চিনির সন্দেশ।
দেবীকে ঘিরে বহু অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে। প্রায় পঞ্চাশ বছর আগে খোকা রায় নামে এক ব্যক্তি, যিনি নিয়মিত বড়ো কালীর সামনে বাঁশি বাজাতেন, অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছেন বলে রটে যায়। কিন্তু পুজোর আগের দিন গ্রামবাসীরা অবাক হয়ে দেখেন, তিনি মন্দির প্রাঙ্গণে বসে বাঁশি বাজাচ্ছেন। এমন অলৌকিক ঘটনাকে দেবীর মহিমা বলেই মনে করেন এলাকাবাসী। সন্তানহীন বহু মানুষ দেবীর আশীর্বাদ নিতে এখানে ভিড় করেন। পুজোর আগের দিন লক্ষাধিক ভক্তের সমাগমে মুখর হয়ে ওঠে এলাকা। বলির প্রচলন থাকলেও আড়ম্বরের চেয়ে ভক্তি ও প্রাচীন নিয়মকানুন পালনই এই পুজোর মূল বৈশিষ্ট্য।