পাহাড়ে প্রাণ গেল চার তরুণের, শোকের ছায়া শালবনীতে!

ফেরেনি রতন, বাঁকুড়ায় পৌঁছাল গঙ্গোত্রী অভিযানে মৃত চার অভিযাত্রীর মরদেহ
নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: গঙ্গোত্রী থেকে কেদারতাল ট্রেকিং অভিযানে গিয়ে প্রাণ হারানো বাঁকুড়ার চার অভিযাত্রীর দেহ অবশেষে নিজ গ্রামে পৌঁছাল। মৃতরা হলেন বাঁকুড়ার শালবনী গ্রামের রিন্টু মণ্ডল, তাপস বাউরি, উদয় ঘোষ এবং কেশরা গ্রামের মনোজ খাওয়াস। তাঁদের প্রয়াণে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গত লক্ষ্মীপুজোর আগে বাঁকুড়ার শালবনী ও কেশরা গ্রামের পাঁচ বন্ধুসহ মোট আটজনের একটি দল গঙ্গোত্রী থেকে কেদারতাল অভিযানে রওনা দিয়েছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়া ও তীব্র তুষারঝড়ের কবলে পড়ে পুরো দলটিই নিখোঁজ হয়ে যায়। খবর পাওয়া মাত্রই এসডিআরএফ, এনডিআরএফ এবং সিভিল এভিয়েশন বোর্ডের সমন্বয়ে উদ্ধারকাজ শুরু হয়। টানা ছয় দিনের শ্বাসরুদ্ধকর অভিযানের পর বরফের নিচ থেকে সাত অভিযাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দেহগুলোর মধ্যে বাঁকুড়ার চার তরুণের পরিচয় নিশ্চিত হওয়ার পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দেহগুলি গতকাল দেরাদুন থেকে বিশেষ বিমানে প্রথমে দিল্লি ও পরে দমদম বিমানবন্দরে আনা হয়।
আজ সকালে সড়কপথে কফিনবন্দি দেহগুলি বাঁকুড়ায় পৌঁছাতেই এলাকায় কান্নার রোল পড়ে যায়। স্বজন হারানো পরিবারের সদস্যদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
এদিকে, দলের পঞ্চম সদস্য রতন ঘোষের খোঁজ এখনও মেলেনি। তাঁর নিখোঁজ থাকা নিয়ে উদ্বেগ বাড়ছে পরিবার ও এলাকাবাসীর মধ্যে। রতনকে উদ্ধারের জন্য তল্লাশি অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে জানা গেছে। প্রিয়জনদের এমন মর্মান্তিক মৃত্যুতে শালবনী ও কেশরা গ্রামে গভীর শোকের ছায়া বিরাজ করছে।