বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নিলেন মুখ্যমন্ত্রী, ঘোষণা করলেন ‘সীমান্ত মিত্র’ পুরস্কার!

সীমান্ত সুরক্ষা জোরদারে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর, হিঙ্গলগঞ্জে বিএসএফ জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদন, হিঙ্গলগঞ্জ: রাজ্যের সীমান্ত সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বুধবার হিঙ্গলগঞ্জ বিএসএফ ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দীপাবলির প্রাক্কালে তাঁদের মিষ্টিমুখ করান। এদিন কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে হিঙ্গলগঞ্জে পৌঁছন মুখ্যমন্ত্রী, তাঁর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা।
অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বিএসএফের জওয়ানদের উদ্দেশ্যে বলেন, “পরিবার-পরিজন থেকে দূরে প্রতিকূল পরিস্থিতিতে আপনারা দেশের নিরাপত্তা নিশ্চিত করছেন।” বিগত দিনে কেন্দ্রীয় বাহিনীর প্রতি পূর্বতন সরকারের আচরণের সমালোচনা করে তিনি বলেন, “আগের সরকারের আমলে বিএসএফ ও সিআরপিএফ সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করা হয়েছিল, যার জবাব সাধারণ মানুষ দিয়েছেন।” তিনি আরও বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে অতীতের তিক্ততা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
সীমান্ত সুরক্ষার বিষয়ে রাজ্য সরকারের আপসহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তা তাঁর সরকারের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। তবে সীমান্তবর্তী এলাকায় প্রায় ৬০০ কিলোমিটার সীমানা জুড়ে জমি সংক্রান্ত জটিলতায় নিরাপত্তা পরিকাঠামো গড়ে তোলার কাজে বাধার কথা তিনি উল্লেখ করেন। এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয়ের পাশাপাশি বিএসএফের সঙ্গে যৌথভাবে কাজ করার বার্তা দিয়েছেন তিনি।
অনুপ্রবেশ রোধ এবং মাদক পাচার ও অন্যান্য বেআইনি কার্যকলাপ রুখতে বিএসএফ ও রাজ্য পুলিশের মধ্যে নিবিড় সমন্বয়ের ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, অবৈধভাবে যারা সীমান্ত পেরিয়ে প্রবেশ করছে, তাদের নির্দিষ্ট পথেই ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। এছাড়া, মাদকবিরোধী অভিযানে বিএসএফ এবং রাজ্য পুলিশের যৌথ ভূমিকার প্রশংসা করেন তিনি।
সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে হিঙ্গলগঞ্জের মঞ্চ থেকে নতুন থানা তৈরির প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বিএসএফের কাজের স্বীকৃতি স্বরূপ ২০২৭ সাল থেকে ‘সীমান্ত মিত্র পুরস্কার’ চালু করার ঘোষণা করেন তিনি। সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনরত জওয়ানদের মনোবল বাড়াতে এবং উৎসাহিত করতেই রাজ্য সরকার এই বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়েছে। আইজির তরফ থেকে আসা প্রস্তাবগুলোও দ্রুত বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।