মাত্র আট বছর বয়সেই অসাধ্য সাধন, অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় করে নজির গড়ল খুদে স্মিতরাজ!

মাত্র আট বছর বয়সেই অসাধ্য সাধন, অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় করে নজির গড়ল খুদে স্মিতরাজ!

 

অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় খুদে পর্বতারোহী স্মিতরাজের

নিজস্ব প্রতিবেদন: হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিয়ে অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছে নজির গড়ল স্মিতরাজ দে নামে এক খুদে পর্বতারোহী। হুগলির ভদ্রকালী পদাতিক ক্লাবের ১৫ সদস্যের একটি দলের সঙ্গে সে এই অভিযানে অংশ নেয়। ১ নভেম্বর কলকাতা থেকে রওনা হয়ে গত শনিবার অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছায় দলটি।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্মিতরাজের বাবা সুমন দে পেশায় আইনজীবী এবং ছেলের প্রশিক্ষক। এই অভিযানের জন্য গত দেড় মাস ধরে বিশেষ শারীরিক কসরত করেছে স্মিতরাজ। যোগব্যায়াম, সিঁড়ি দিয়ে ওঠা-নামা এবং ফুটবল ও ক্যারাটে প্রশিক্ষণের পাশাপাশি শুশুনিয়া পাহাড়ে রক ক্লাইম্বিংয়ের কোর্সও করেছে সে।

দলের লিডার প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের পরামর্শে এই প্রথম কোনো বড় ট্রেকিংয়ে অংশ নেয় স্মিতরাজ। সাধারণত এত কম বয়সী শিশুদের জন্য অন্নপূর্ণা বেস ক্যাম্পের মতো দুর্গম ও কঠিন পথ পাড়ি দেওয়া ঝুঁকিপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে সব প্রতিকূলতা ও শারীরিক কষ্ট জয় করে দলের সবার সঙ্গে তাল মিলিয়ে স্মিতরাজ সফলভাবে এই ট্রেক সম্পন্ন করেছে।

স্মিতরাজের বাবা সুমন দে জানান, ছেলের এই সাফল্য ও উদ্দীপনা দেখে দেশ-বিদেশের বহু পর্বতারোহী বিস্মিত হয়েছেন। এমনকি অভিযানের পথে অনেকেই তাকে দেখে অবাক হয়েছেন এবং তার সাক্ষাৎকারও নিয়েছেন। অন্নপূর্ণা বেস ক্যাম্পে পতাকা হাতে তোলা স্মিতরাজের ছবি এখন নেটমাধ্যমে প্রশংসিত হচ্ছে। নিজের গড়া এই নজির সম্পর্কে স্মিতরাজ খুব বেশি কিছু না বুঝলেও, অভিযানের অভিজ্ঞতা যে তার মনোবল কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *