দীপান্বিতা অমাবস্যায় ভক্তের চোখে স্বয়ং মা কালী, শ্যামপুকুরে কি আজও জীবন্ত সেই অলৌকিক স্মৃতি!

দীপান্বিতা অমাবস্যায় ভক্তের চোখে স্বয়ং মা কালী, শ্যামপুকুরে কি আজও জীবন্ত সেই অলৌকিক স্মৃতি!

 

শ্যামপুকুর বাটিতে শ্রীরামকৃষ্ণের ‘বরাভয়লীলা’: স্মরণে আজও মুখরিত ভক্তপ্রাঙ্গণ

নিজস্ব সংবাদদাতা: শ্যামপুকুর বাটিতে অসুস্থ অবস্থায় থাকাকালীন শ্রীরামকৃষ্ণদেব যে অলৌকিক ‘বরাভয়লীলা’ প্রদর্শন করেছিলেন, তা আজও ভক্তসমাজে এক অবিস্মরণীয় ঘটনা। সেই ঐতিহাসিক কালীপুজোর স্মৃতি আজও অমলিন ওই বাটিতে, যেখানে শ্রীরামকৃষ্ণ স্বয়ং মা কালীর রূপ ধারণ করে ভক্তদের আশীর্বাদ করেছিলেন।

ইতিহাস অনুযায়ী, অসুস্থ শ্রীরামকৃষ্ণকে দেখতে শ্যামপুকুরের ওই বাড়িতে নিয়মিত ভক্তদের সমাগম হতো। কালীপুজোর দিন সকালে ঠাকুর নিজেই পুজোর আয়োজন করতে নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী, মাস্টারমশাই মহেন্দ্র গুপ্তকে ঠনঠনিয়ার কালীবাড়িতে পাঠানো হয় পুজোর সামগ্রী আনতে। তবে বিকেলের দিকে ভক্তরা এসে দেখেন, ঘরে কোনো বিগ্রহ নেই; কেবল একটি ছোটো খাটে দিব্যবেশে বসে আছেন শ্রীরামকৃষ্ণ। তাঁর দু’পাশে জ্বলছে মোমবাতি, চারপাশ সুরভিত ধূপ-ধুনোর গন্ধে।

পুজোর কোনো প্রথাগত আয়োজন না দেখে রামচন্দ্র দত্ত ও গিরিশ ঘোষরা কিছুটা বিস্ময়াভিভূত হয়ে পড়েন। কিন্তু সন্ধ্যার দিকে ঘর ভক্তে পূর্ণ হলে, ঠাকুর সকলকে ধ্যান করতে বলেন। কপালে চন্দনের ফোঁটা ও শুদ্ধ বসন পরিহিত শ্রীরামকৃষ্ণ তখন বারবার ভাবসমাধিতে মগ্ন হচ্ছিলেন। এরপর গিরিশচন্দ্র এগিয়ে গিয়ে ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিলে এক অলৌকিক দৃশ্যের অবতারণা হয়। খাট থেকে নেমে দাঁড়িয়েই ঠাকুর সমাধিস্থ হন। তাঁর মুখে ফুটে ওঠে দিব্য হাসি, আঙুলের মুদ্রা এবং সারা দেহে এক অদ্ভুত জ্যোতিচ্ছটা।

প্রত্যক্ষদর্শী অক্ষয়কুমার সেন তাঁর ‘রামকৃষ্ণ পুঁথি’তে এই ঘটনার বিবরণ দিয়ে লিখেছেন, ওই মুহূর্তে ভক্তরা শ্রীরামকৃষ্ণের মধ্যেই মা কালীকে প্রত্যক্ষ করেছিলেন। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, গলার প্রচণ্ড ব্যথার কারণে দীর্ঘ দিন ধরে যা কিছু খেতে পারছিলেন না, সেদিন সেই লুচি ও সুজির পায়েস তিনি অবলীলায় গ্রহণ করেন। ঠাকুর কর্তৃক ভক্তদের এই আশীর্বাদই পরবর্তীতে ‘বরাভয়লীলা’ নামে পরিচিত হয়।

সেই ঐতিহাসিক দিনটির স্মরণে আজও শ্যামপুকুর বাটিতে শ্রীরামকৃষ্ণের পট স্থাপন করে প্রতি বছর কালীপুজো অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই পুজোর সময় আজও ভক্তরা পরম ভক্তিভরে ঠাকুর ও মা কালীর চরণে তাঁদের অর্ঘ্য নিবেদন করেন। ‘জয় মা’ ধ্বনিতে মুখরিত হয় শ্যামপুকুর বাটির পরিবেশ, যা আজও ভক্তদের মনে এক বিশেষ আধ্যাত্মিক শিহরণ জাগিয়ে তোলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *