বিসর্জনে গ্রেপ্তার সাহসী যুবক, সাক্ষী স্বয়ং মা কালী! কেন আজও রহস্যে ঘেরা বর্ধমানের ফৌজদারি কালী?

আইন অমান্য আন্দোলনের ফসল: বর্ধমানের ঐতিহাসিক ‘ফৌজদারী কালী’র অজানা ইতিহাস
বর্ধমান: বর্ধমান শহরের খোসবাগান এলাকার রাজরাজেশ্বর শিবতলা প্রাঙ্গণে অধিষ্ঠিত ‘ফৌজদারী কালী’ কেবল একটি পূজা নয়, বরং এটি ব্রিটিশ শাসনামলের এক অনন্য প্রতিবাদী ইতিহাসের ধারক। জনশ্রুতি ও ঐতিহাসিক নথির মেলবন্ধনে গড়ে ওঠা এই দেবীর মাহাত্ম্য আজ শহর ছাড়িয়ে দূর-দূরান্তের ভক্তদের কাছেও সমানভাবে সমাদৃত।
উৎপত্তি ও বিবর্তন
বাংলা ১৩৪৫ সাল (১৯৩৮ খ্রিস্টাব্দ) পর্যন্ত এই দেবী ‘বাগদী পাড়ার কালী’ হিসেবেই পরিচিত ছিলেন। তৎকালীন সময়ে রাজরাজেশ্বর শিব মন্দিরের আশেপাশে স্থায়ী মণ্ডপ তৈরির অনুমতি না থাকায়, একটি কুলগাছের নিচে তালপাতার ছাউনিতেই গৌরী ঠাকুর, নরেন ঠাকুর, অবিনাশ মাঝি, সনাতন মাঝি ও দুখীরাম পরামানিকসহ স্থানীয়রা পুজোর আয়োজন করতেন। পরবর্তীতে শম্ভু ঘোষ মন্দিরটির বেদি পাকা করে দেন।
‘ফৌজদারী’ নামকরণের প্রেক্ষাপট
এই নামকরণের পেছনে রয়েছে অবিভক্ত বাংলার এক উত্তাল রাজনৈতিক ইতিহাস। সেই সময়কার লীগ মন্ত্রিসভার জারি করা এক কঠোর আইনে বলা হয়েছিল, অন্য সম্প্রদায়ের উপাসনালয়ের সামনে দিয়ে হিন্দু দেবদেবীর বিসর্জন শোভাযাত্রা বা বাদ্যযন্ত্র বাজিয়ে যাওয়া যাবে না। বর্ধমানের কৃষ্ণসায়র, শ্যামসায়র বা রাণীসায়রে বিসর্জনের জন্য এই উপাসনালয়গুলোর সামনে দিয়ে যাওয়া ছাড়া বিকল্প পথ ছিল না।
এই বৈষম্যমূলক আইনের প্রতিবাদে বলাই মুখোপাধ্যায়, শ্রীকুমার মিত্র, যতীন্দ্রনাথ বিষ্ণুসহ স্থানীয় বিশিষ্টজনরা এক গোপন বৈঠকে মিলিত হন। সিদ্ধান্ত হয়, ব্যক্তিবিশেষের পুজো নয়, বরং বারোয়ারি কালী প্রতিমা নিয়েই আইন অমান্য করা হবে। ১৩৪৫ বঙ্গাব্দের ৩০ কার্তিক রাতে তিনকড়ি মুখোপাধ্যায়ের মাথায় প্রতিমা নিয়ে ঢোল-কাঁসি বাজিয়ে শোভাযাত্রা বের করা হয়। অগণিত মানুষের অংশগ্রহণে সম্পন্ন এই বিসর্জনের পর শোভাযাত্রায় অংশগ্রহণকারী যুবকদের বিরুদ্ধে তৎক্ষণাৎ মামলা রুজু হয়।
আইনি লড়াই ও বিজয়
বর্ধমান আদালত শোভাযাত্রায় অংশ নেওয়া যুবকদের ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দেয়। কিন্তু বিষয়টি কলকাতা হাইকোর্টে গড়ালে তৎকালীন ব্যারিস্টাররা বিনা পারিশ্রমিকে মামলা লড়ে তাঁদের সসম্মানে মুক্তি দেন এবং শোভাযাত্রার আইনি অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করেন। জনশ্রুতি রয়েছে, এই ঐতিহাসিক ফৌজদারি মামলায় জয়লাভের পরেই দেবী ‘ফৌজদারী কালী’ নামে পরিচিতি পান।
বর্তমান রীতিনীতি
ঐতিহ্য মেনে আজও মায়ের বিসর্জন হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। কিশোর তিনকড়ি মুখোপাধ্যায় যেভাবে প্রতিমা নিয়েছিলেন, সেই স্মৃতি ধরে রেখে আজও চতুর্দোলায় চাপিয়ে মাকে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয়। পুজোর তিন দিন মায়ের মূল মন্দিরে চলে নিষ্ঠাভরা আরাধনা, বলিপ্রথা, দণ্ডি কাটা ও অন্নকূট ভোগের আয়োজন।
পুজো কমিটির সহ-সভাপতি অচিন্ত্যাভ ভট্টাচার্য ও স্থানীয় বাসিন্দা সহেলী পাল জানান, ভাইফোঁটার পরের দিন মায়ের নিরঞ্জন সম্পন্ন হয়, তবে তিথি অনুযায়ী বৃহস্পতিবার ভাইফোঁটা পড়লে বিসর্জন পিছিয়ে পরের দিন করা হয়। আজও এই জাগ্রত দেবীর কৃপা লাভের আশায় কালীপুজোর দিনে দূর-দূরান্ত থেকে অগণিত ভক্তের ভিড় উপচে পড়ে বর্ধমানের এই ঐতিহাসিক মন্দিরে।