কালীপুজোর পরেই বড় বদল আবহাওয়ায়, দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা!

দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে রাতের তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদন: বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাস এবং পশ্চিমি শুকনো বাতাসের সংঘাতের ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, নদীয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকাল মঙ্গলবার বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে। ওইদিন হুগলি ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরের কিছু অংশে বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কয়েকদিন ধরে সক্রিয় পশ্চিমি হাওয়ার প্রভাবে রাজ্যে তাপমাত্রা কিছুটা কম ছিল। রবিবার দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঝাড়গ্রামে (১৭.৬ ডিগ্রি সেলসিয়াস)। উত্তরবঙ্গের সমতলে কোচবিহারে তাপমাত্রা নেমেছে ১৬.৭ ডিগ্রিতে এবং দার্জিলিংয়ে তা ৮-৯ ডিগ্রির আশেপাশে রয়েছে।
তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির ফলে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ফের কিছুটা বাড়তে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি থেকে বেড়ে ২৩-২৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।