দিল্লির বাতাসে বিষের দাপট, AQI ৪০০-র গণ্ডি পার! মানুষের দম নেওয়াও আসাম্ভব?

দিল্লির বাতাসে বিষের দাপট, AQI ৪০০-র গণ্ডি পার! মানুষের দম নেওয়াও আসাম্ভব?

দিল্লিতে দূষণের প্রকোপ: কার্যকর হলো ‘গ্র্যাপ’-এর তৃতীয় পর্যায় নিজস্ব প্রতিবেদন, নয়াদিল্লি: দীপাবলির প্রাক্কালে রাজধানী দিল্লির বাতাস ক্রমাগত বিষাক্ত হয়ে উঠছে। দূষণের মাত্রা অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছানোয় পরিস্থিতি মোকাবিলায় আসরে নেমেছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (সিএকিউএম)। দূষণ আরও বাড়ার আশঙ্কায় শুক্রবার থেকেই দিল্লি-এনসিআর জুড়ে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (গ্র্যাপ)-এর তৃতীয় পর্যায় বা স্টেজ-থ্রি কার্যকর করা হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, দিল্লির একাধিক এলাকায় বাতাসের গুণমান সূচক বা একিউআই (AQI) ৪০০-র গণ্ডি ছাড়িয়ে ‘ভয়ংকর’ (Severe) শ্রেণিতে পৌঁছেছে। বাওয়ানা (৪৪৬), পাঞ্জাবি বাগ (৪৪৯), আরকে পুরম (৪৪৮), আইআইটি দিল্লি (৪৪৫), রোহিনী (৪৪৫), চাঁদনি চক (৪২০), পটপড়গঞ্জ (৪২১) এবং আলিপুরের (৪১৩) বাতাস বর্তমানে মারাত্মক দূষিত। এছাড়া আনন্দ বিহার (৩২৮), নরেলা (৩৯৫), ইন্ডিয়া গেট (৩৯৮) এবং অক্ষরধাম (৩৩৬) এলাকাগুলি ‘অতি খারাপ’ বা ‘ভেরি পুওর’ পর্যায়ে রয়েছে। শনিবার সকাল ৮টায় একিউআই ৩৬৪ থাকলেও, রবিবার তা ৪৮৩-তে পৌঁছানোয় উদ্বেগের কালো মেঘ দেখা দিয়েছে রাজধানীতে। শীতের আগমনে ঘন ধোঁয়াশায় ঢেকেছে শহরের আকাশ। দৃশ্যমানতা হ্রাস পাওয়ার পাশাপাশি বাড়ছে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিএকিউএম-এর নির্দেশে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থানের সংলগ্ন জেলাগুলোতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। স্টেজ-থ্রি অনুযায়ী যেসব বিধিনিষেধ কার্যকর: ১. যানবাহন নিয়ন্ত্রণ: বিএস-থ্রি (BS-III) পেট্রোল এবং বিএস-ফোর (BS-IV) ডিজেলচালিত চার চাকার গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া দিল্লির বাইরে রেজিস্ট্রিকৃত ডিজেলচালিত বাণিজ্যিক গাড়ি এবং পুরনো পণ্যবাহী যানবাহনের প্রবেশে কড়াকড়ি বাড়ানো হয়েছে। ২. নির্মাণ কাজ বন্ধ: ধুলোবালি ছড়ায় এমন সমস্ত অপ্রয়োজনীয় নির্মাণ কাজ, যেমন—মাটি কাটা, বিল্ডিং ভাঙা, খোঁড়াখুঁড়ি এবং রাস্তা তৈরির কাজ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। কেবলমাত্র জরুরি সরকারি কাজ নির্দিষ্ট নিয়ম মেনে করার অনুমতি দেওয়া হয়েছে। ৩. শিল্প ও অন্যান্য: স্টোন ক্রাশার এবং মাইনিংয়ের মতো প্রবল ধুলো সৃষ্টিকারী শিল্প কার্যক্রম বন্ধ বা সীমিত করা হয়েছে। সিপিসিবি-র শ্রেণিবিন্যাস অনুযায়ী, একিউআই ৪০১ থেকে ৫০০ পর্যন্ত ‘ভয়ংকর’ হিসেবে গণ্য হয়। দীপাবলি উৎসবের আবহে আতশবাজি বা অন্যান্য কারণে বাতাসের মান যাতে আরও অবনতি না হয়, সেদিকে বিশেষ নজর রাখছে প্রশাসন। আবহাওয়া দপ্তর ও আইআইটিএম-এর পূর্বাভাসের ভিত্তিতেই এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএকিউএম। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে প্রয়োজনে স্টেজ-ফোর বা ‘ভয়ংকর প্লাস’ পর্যায়ের বিধিনিষেধও কার্যকর করা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *