ডার্ক ওয়েবের মাধ্যমে বিদেশ থেকে মাদক পাচার, এনসিবির জালে ধরা পড়ল গার্ডেনরিচের তরুণ!

ডার্ক ওয়েব ও ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে আন্তর্জাতিক মাদক কারবার, কলকাতায় গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: ডার্ক ওয়েব ও ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে আন্তর্জাতিক মাদক চক্র চালানোর অভিযোগে আব্দুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শনিবার রাতে গার্ডেনরিচ এলাকা থেকে তাকে আটক করা হয়। ধৃতের সঙ্গে আন্তর্জাতিক মাদক কারবারিদের যোগ থাকার বিষয়টি তদন্তে উঠে এসেছে।
এনসিবি সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই কলকাতায় বসে অনলাইনে মাদকের অবৈধ কারবার চালানোর তথ্য পাচ্ছিল কেন্দ্রীয় সংস্থাটি। মেটিয়াবুরুজ এলাকার একটি ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ ও ভিন রাজ্য থেকে নিয়মিত মোটা অংকের লেনদেন লক্ষ্য করে তদন্তকারীরা। ওই অ্যাকাউন্টের তথ্য বিশ্লেষণ করেই আব্দুলের পরিচয় জানা যায়। এরপরই পার্সেল মনিটরিং এবং ক্রিপ্টো কারেন্সির অ্যাকাউন্টের ওপর নজরদারি চালিয়ে আমেরিকায় মাদক চক্রের সঙ্গে তার যোগসূত্র নিশ্চিত করে এনসিবি।
জিজ্ঞাসাবাদে আব্দুল জানিয়েছে, ডার্ক ওয়েবের মাধ্যমে আমেরিকার মাদক মাফিয়াদের সঙ্গে তার পরিচয় হয়। সে মূলত ‘টর’ ব্রাউজার ব্যবহার করে আন্তর্জাতিক কারবারিদের সঙ্গে যোগাযোগ রাখত এবং বিটকয়েনের মাধ্যমে আর্থিক লেনদেন সম্পন্ন করত। পরবর্তীতে স্ন্যাপচ্যাটের মতো এনক্রিপটেড অ্যাপে একটি গ্রুপ খুলে কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তের কারবারিদের যুক্ত করেছিল সে।
তদন্তকারীদের বয়ানে ধৃত জানিয়েছে, মাদক সরাসরি তার কাছে আসত না। ক্রেতাদের অর্ডারের বিস্তারিত তথ্য সে আমেরিকার মাদক মাফিয়াদের কাছে পাঠিয়ে দিত। সেখান থেকে ‘ওষুধ’ বা ‘গিফট আইটেম’ হিসেবে লেবেল লাগানো পার্সেলের মাধ্যমে মাদক নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেত। এই কারবারে যুক্ত অন্যান্য ক্রেতা ও বিক্রেতারা ই-ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করত।
বর্তমানে এনসিবির তদন্তকারীরা ওই চক্রের বাকি সদস্য এবং আব্দুলের ‘ক্লায়েন্ট’দের চিহ্নিত করার চেষ্টা করছেন। আন্তর্জাতিক এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।