কালীপুজোর রাতে এনআরএস হস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতশবাজি নাকি শর্ট সার্কিট!

হাসপাতাল চত্বরে বাজি পোড়ানো নিয়ে বিতর্ক, বয়েজ হস্টেলে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদন: রবিবার রাতে রাজ্যের একটি হাসপাতালের বয়েজ হস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হস্টেলে চিকিৎসক-পড়ুয়াদের আতশবাজি পোড়ানোর জেরেই এই আগুন লাগে। তবে পড়ুয়াদের একাংশের দাবি, শর্ট সার্কিট থেকেই বিপত্তি ঘটেছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ৯টা নাগাদ হস্টেল চত্বরে আগুন লাগলে নিরাপত্তারক্ষীরা দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে তা নিয়ন্ত্রণে আনেন। যেখানে এই ঘটনা ঘটেছে, তার অদূরেই রয়েছে হাসপাতালের বক্ষঃরোগ বিভাগ। এই পরিস্থিতিতে হাসপাতালের মতো ‘সাইলেন্স জ়োন’ বা নীরবতা এলাকায় চিকিৎসক-পড়ুয়াদের বাজি পোড়ানোর ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
হাসপাতালের এমএসভিপি মানবেন্দ্র সরকার বাজি থেকে আগুন লাগার কথা স্বীকার করলেও, হস্টেল চত্বরে কী ভাবে বাজি পোড়ানোর অনুমতি মিলল, সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান। অন্যদিকে, আবাসিকেদের একাংশের দাবি, দীপাবলি উপলক্ষে সাজসজ্জার কাজ চলার সময় শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, সরকারি নির্দেশিকা অনুযায়ী, হাসপাতাল ও বিদ্যালয় চত্বরের মতো স্পর্শকাতর এলাকায় বাজি ফাটানো নিষিদ্ধ। এছাড়া পরিবেশ রক্ষায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমোদিত বাজি ব্যবহারের পাশাপাশি নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। তবে অভিযোগ, নিয়ম অমান্য করে রবিবার রাতজুড়ে হাসপাতালের মতো সংবেদনশীল এলাকায় দেদার বাজি ফাটানো হয়েছে। এই ঘটনার পর হাসপাতাল চত্বরে নিরাপত্তা ও নিয়মকানুন মানা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।