বিহার পর্যটন দপ্তরের বিশেষ উদ্যোগ: পাটনায় ধর্মীয় ট্যুর প্যাকেজ শুরু ১৫০০ টাকায়

পর্যটকদের জন্য বিশেষ ট্যুর প্যাকেজ আনল বিহার পর্যটন দপ্তর নিজস্ব প্রতিবেদক, পাটনা: পর্যটকদের ভ্রমণ আরও সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিহার রাজ্য পর্যটন উন্নয়ন নিগম (BSTDC)। পাটনা ও পার্শ্ববর্তী অঞ্চলের প্রধান পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখার জন্য তিনটি ভিন্ন ধরনের ‘এক দিনের’ (One-Day) বিশেষ ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে দপ্তরটি। শিক্ষার্থী, সাধারণ পর্যটক ও ধর্মপ্রাণ পুণ্যার্থীদের কথা মাথায় রেখেই মূলত এই প্যাকেজগুলো সাজানো হয়েছে। প্রতিটি প্যাকেজে যাতায়াত সুবিধার পাশাপাশি ব্রেকফাস্ট, দুপুরের ও রাতের খাবার, পানীয় জল, দর্শনীয় স্থানের প্রবেশমূল্য এবং অভিজ্ঞ গাইডের ব্যবস্থা রাখা হয়েছে। পর্যটকদের নিরাপত্তার জন্য প্রতিটি ট্রিপে থাকছে বিশেষ ‘পর্যটন পুলিশ’-এর নজরদারি। প্যাকেজের বিবরণ: শিক্ষামূলক প্যাকেজ: স্কুলপড়ুয়াদের জন্য এই প্যাকেজে পাটনা চিড়িয়াখানা, রাজভবন, রাজ্য সচিবালয়, ইকো পার্ক, বিহার মিউজিয়াম, গোলঘর, গান্ধী সংগ্রহশালা, সভ্যতা দ্বার, সায়েন্স সেন্টার এবং বুদ্ধ স্মৃতি পার্ক অন্তর্ভুক্ত করা হয়েছে। এসি বাস বা ট্রাভেলারের ক্ষেত্রে জনপ্রতি খরচ ২০০০ টাকা এবং ইনোভা বা ইটিয়স ক্যাবের ক্ষেত্রে ২৫০০ টাকা ধার্য করা হয়েছে। ধর্মীয় ট্যুর প্যাকেজ: এই প্যাকেজে মহাবীর মন্দির, ইসকন মন্দির, মা শীতলার মন্দির, বড় পতন দেবী, আগমকুয়াঁ, ছোট পতন দেবী এবং জল্লা মহাবীর মন্দির দর্শনের সুযোগ রয়েছে। এর বিশেষ আকর্ষণ হলো পাটনা সাহেব গুরুদ্বারে দুপুরের মধ্যাহ্নভোজন। এই প্যাকেজে বাসভাড়া জনপ্রতি ১৫০০ টাকা এবং ট্রাভেলার গাড়ির ক্ষেত্রে ১৬০০ টাকা রাখা হয়েছে। উইকেন্ড প্যাকেজ: ছুটির দিনে বেড়াতে আসা পর্যটকদের জন্য পাটনার প্রধান হেরিটেজ সাইটগুলো নিয়ে বিশেষ এই প্যাকেজটি তৈরি করা হয়েছে। বিস্তারিত তথ্য ও বুকিংয়ের জন্য আগ্রহী পর্যটকদের বিহার পর্যটন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (www.tourism.bihar.gov.in) ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।