হায়দরাবাদে AQI ৯৯৫! দীপাবলির পর বিষাক্ত ধোঁয়াশায় বিপর্যস্ত জনজীবন

হায়দরাবাদে AQI ৯৯৫! দীপাবলির পর বিষাক্ত ধোঁয়াশায় বিপর্যস্ত জনজীবন

দীপাবলির পর বিষাক্ত ধোঁয়াশায় দেশ: হায়দরাবাদে AQI ৯৯৫, বিপর্যস্ত জনজীবন নিজস্ব প্রতিবেদন: দীপাবলির রাতে দেশের বিভিন্ন প্রান্তে সুপ্রিম কোর্টের বাজি সংক্রান্ত নির্দেশিকা উপেক্ষা করে লাগামছাড়া বাজি ফাটানোর ফলে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে হায়দরাবাদে দূষণের মাত্রা সব রেকর্ড ভেঙে দিয়েছে। হায়দরাবাদের রবি কলোনি এলাকায় বায়ুদূষণ সূচক (AQI) নজিরবিহীন ৯৯৫-এ গিয়ে পৌঁছেছে। রবিবার রাতভর বানজারা হিলস, শ্রীনগর কলোনি, পাঞ্জাগুট্টা, এস আর নগর, আমিরপেট এবং সোমাজিগুড়ার মতো জনবহুল এলাকায় রাত ৩টে পর্যন্ত নির্বিচারে বাজি ফাটানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাঝরাতে বাতাসে তীব্র সালফারের গন্ধ ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৯টা নাগাদ বাতাসে অতি সূক্ষ্ম ধূলিকণার (PM 2.5) মাত্রা প্রতি কিউবিক মিটারে ৩৯২ মাইক্রোগ্রাম ছাড়িয়ে যায়। এদিন সমগ্র হায়দরাবাদের গড় AQI ছিল ৫০৯। একই ছবি বাণিজ্যনগরী মুম্বইতেও। সোমবার সকালে কালানগর ও বান্দ্রা এলাকায় দৃশ্যমানতা আশঙ্কাজনকভাবে কমে যায়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, সকাল ৭টায় খেড়ওয়াড়ি-বান্দ্রাতে AQI ছিল ২৬৪। এছাড়া সেওয়ারি (২২৪), ঘাটকোপার (২২১), বাইকুল্লা, মালাড় ও কান্দিভালিতেও বাতাস অত্যন্ত দূষিত। তিলোত্তমার উত্তর কলকাতার একাধিক এলাকাতেও দূষণের মাত্রা বিপদসীমা অতিক্রম করেছে। দেশের অন্যান্য বড় শহরগুলোর অবস্থাও উদ্বেগজনক। সোমবারের প্রাপ্ত তথ্য অনুযায়ী: লখনউ: ২৪৬ অমৃতসর: ২৪২ যোধপুর: ২৩৪ আহমেদাবাদ: ২৩০ দেরাদুন: ২২৮ জয়পুর ও উদয়পুর: ২২৩ চেন্নাই: ২০৮ দিল্লি ও দক্ষিণ ভারতের পাশাপাশি উত্তর এবং পশ্চিম ভারতের বড় শহরগুলোতে দীপাবলির পরবর্তী সময়ে ধোঁয়ার কারণে কার্যত দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। পরিবেশবিদদের মতে, নিয়ম না মেনে বাজি ফাটানোর মাশুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে, যার ফলে গোটা দেশের আকাশ এখন বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *