পুজো মিটলেও কাটেনি দুর্ভোগ! শহরের রাস্তায় আজও মরণফাঁদ বাঁশের কাঠামো?

পুজো মিটলেও কাটেনি দুর্ভোগ! শহরের রাস্তায় আজও মরণফাঁদ বাঁশের কাঠামো?

 

রাস্তায় পুজোর বাঁশের কাঠামো না খোলায় ১৫০টি পুজো কমিটিকে জরিমানার পথে কলকাতা পুরসভা

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: দুর্গাপূজা শেষ হওয়ার বহু দিন পেরিয়ে গেলেও শহরের বিভিন্ন প্রান্তে এখনও রয়ে গিয়েছে মণ্ডপ ও বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত বাঁশের কাঠামো। নিয়ম মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাঠামো না খোলার অভিযোগে এবার ১৫০টি পুজো কমিটিকে মোটা অঙ্কের জরিমানা করতে চলেছে কলকাতা পুরসভা।

পুরসভা সূত্রে খবর, চলতি বছরে ৯৬২টি পুজো কমিটি ও বিজ্ঞাপনদাতা সংস্থাকে শর্তসাপেক্ষে বিজ্ঞাপনের ছাড়পত্র (এনওসি) দেওয়া হয়েছিল। শর্ত ছিল, উৎসব শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে রাস্তার ধারের সমস্ত বিজ্ঞাপন এবং তার জন্য তৈরি বাঁশের কাঠামো সরিয়ে ফেলতে হবে। অধিকাংশ কমিটি নিয়ম মানলেও, অনেক জায়গায় এখনও সেই কাঠামো রয়ে গিয়েছে। ফলে সরু রাস্তা ও গলিতে যাতায়াতে সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে পটারি রোড, কুমোরটুলি, পাটুলি, দেশপ্রিয় পার্ক ও জগৎ মুখার্জি পার্কের মতো এলাকায় রাস্তার দখল হয়ে থাকা বাঁশের কাঠামোর কারণে নিয়মিত যানজট তৈরি হচ্ছে।

পুরসভার বিজ্ঞাপন বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, উৎসবের স্বার্থে পুজোর অস্থায়ী বিজ্ঞাপনের ফি মকুব করা হয়েছিল। কিন্তু শর্ত ভঙ্গ করায় এবার কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট পুজো কমিটিগুলিকে ইতিমধ্যেই জরিমানার নোটিস পাঠানো হচ্ছে। নিয়ম অনুযায়ী, প্রতি বর্গফুট জায়গার জন্য ৯০ টাকা হারে জরিমানা ধার্য করা হয়েছে। অর্থাৎ, বিজ্ঞাপনের আকার অনুযায়ী জরিমানার পরিমাণ হবে মকুব করা ফির তিনগুণ।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা দখল করে রাখা এই কাঠামোর ফলে গাড়ি চলাচলের পথ সংকীর্ণ হয়ে পড়েছে। বহুবার বলার পরেও কমিটিগুলি দায়সারা মনোভাব দেখাচ্ছে। পুর কর্তৃপক্ষের দাবি, লোকবলের অভাবে সব জায়গা থেকে দ্রুত কাঠামো সরানো সম্ভব হয়নি, তাই যারা নিয়ম ভাঙছে, তাদের ওপর আর্থিক দণ্ড আরোপ করা জরুরি হয়ে পড়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানা জমা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে পুরসভা সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *