বারাসতের কালীপুজোয় এবার ব্রাত্য চিরঞ্জিত, মন খারাপ অভিনেতার!

বারাসতের কালীপুজোয় এবার ব্রাত্য চিরঞ্জিত, মন খারাপ অভিনেতার!

 

বারাসতের কালীপুজোয় আমন্ত্রণ না পাওয়ায় আক্ষেপ চিরঞ্জিতের

নিজস্ব প্রতিবেদক, বারাসত: রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে গেছে সমীকরণ। আর সেই প্রভাবই যেন স্পষ্ট হয়ে উঠল এবারের কালীপুজোর আমন্ত্রণের ক্ষেত্রে। গত ১৫ বছর ধরে বারাসতের বিভিন্ন পুজো মণ্ডপের পরিচিত মুখ অভিনেতা ও প্রাক্তন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এবার কোনও পুজো কমিটি থেকেই আমন্ত্রণ পাননি। এই ঘটনায় নিজের আক্ষেপের কথা প্রকাশ করেছেন তিনি।

দীর্ঘদিনের এই সম্পর্কের ছেদ নিয়ে অভিনেতা বলেন, “কোথাও যাচ্ছি না, কারণ কেউ আমাকে আমন্ত্রণ জানায়নি। কেউ ডাকলে হয়তো যেতাম। বিষয়টি আমি খুবই মিস করছি। আগে কালীপুজোর সময় প্রায় ৫০টি পুজো উদ্বোধনের ডাক পেতাম, কিন্তু এবার একজনও আমাকে ডাকেনি। আমি বারাসতবাসীকে বড্ড ভালোবাসি।”

চিরঞ্জিতের কাছে বারাসতের কালীপুজো শুধুমাত্র উদ্বোধনী অনুষ্ঠান নয়, বরং দীর্ঘ ১৫ বছরের এক আত্মিক সম্পর্কের জায়গা। প্রতি বছর উৎসবের দিনগুলোতে মণ্ডপে মণ্ডপে ঘোরা এবং স্থানীয় মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া তাঁর রুটিনের অংশ ছিল। স্বাভাবিকভাবেই এবার সেই উৎসবের আবহ থেকে দূরে থাকায় কিছুটা মন খারাপ তাঁর।

উল্লেখ্য, ২০১১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন চিরঞ্জিত চক্রবর্তী। বারাসত বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি বিধায়ক নির্বাচিত হন। বিধায়ক হিসেবে দায়িত্ব পালনকালে বারাসতের মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ আরও সুদৃঢ় হয়। রাজনৈতিক ও ব্যক্তিগত—উভয় ক্ষেত্রেই শহরটির সাথে তাঁর এই গভীর সখ্য দীর্ঘদিনের, যা এবারের পুজোয় কিছুটা হলেও ফিকে হয়ে গেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *