হোয়াটসঅ্যাপ গ্রুপে নম্বর লিক হওয়ার দিন শেষ, সুরক্ষিত থাকবে আপনার গোপনীয়তা!

হোয়াটসঅ্যাপে আসছে নতুন প্রাইভেসি ফিচার, গোপন রাখা যাবে ফোন নম্বর
নিজস্ব প্রতিবেদক: ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা ও নিরাপত্তা জোরদার করতে নতুন এক ফিচার নিয়ে কাজ শুরু করেছে মেটার মালিকানাধীন জনপ্রিয় চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই তাদের ব্যক্তিগত ফোন নম্বর গোপন রাখতে পারবেন।
প্রযুক্তি বিষয়ক পোর্টাল ‘ডব্লিউএবেটইনফো’ (WABetaInfo)-এর প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংসে নতুন এই সুবিধা যুক্ত হতে যাচ্ছে। এতদিন প্রোফাইল পিকচার বা স্ট্যাটাস গোপনের সুযোগ থাকলেও সরাসরি ফোন নম্বর আড়াল করার কার্যকর ব্যবস্থা ছিল না। নতুন এই আপডেটের ফলে ব্যবহারকারীরা সম্পূর্ণ স্বাধীনভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন যে, কারা তাদের ফোন নম্বর দেখতে পাবেন আর কারা পাবেন না।
প্রতিবেদন থেকে পাওয়া তথ্যমতে, প্রাইভেসি সেটিংসে মোট চারটি অপশন যুক্ত করা হচ্ছে— ‘এভরিওয়ান’ (Everyone), ‘মাই কন্টাক্টস’ (My Contacts), ‘মাই কন্টাক্টস এক্সেপ্ট’ (My Contacts except) এবং ‘নোবডি’ (Nobody)। ব্যবহারকারী তার পছন্দমতো যেকোনো একটি অপশন বেছে নিতে পারবেন। এই সুবিধা চালু হলে বড় কোনো গ্রুপে যুক্ত থাকলেও অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে নিজের ফোন নম্বর গোপন রাখা সম্ভব হবে, যা অযাচিত কল বা মেসেজ আসার বিড়ম্বনা থেকে ব্যবহারকারীদের মুক্তি দেবে।
তবে সাধারণ ব্যবহারকারীরা এখনই এই ফিচারের সুবিধা পাচ্ছেন না। বর্তমানে ফিচারটি ডেভেলপার স্তরে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এছাড়া ভারতে হোয়াটসঅ্যাপের ইউজারনেম ফিচারের ক্ষেত্রে বিভিন্ন আইনি ও সরকারি বিধিনিষেধ থাকায়, এ দেশে ফিচারটি কবে নাগাদ উন্মুক্ত করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ এখনও ঘোষণা করেনি কর্তৃপক্ষ।