ভাঙড় ও ক্যানিংয়ে রক্তক্ষয়ী রাজনৈতিক সংঘর্ষ, জখম একাধিক!

দক্ষিণ ২৪ পরগনায় রাজনৈতিক অশান্তি: ভাঙড়ে আইএসএফ-বিজেপি সংঘর্ষ, ক্যানিংয়ে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
নিজস্ব প্রতিবেদক, দক্ষিণ ২৪ পরগনা: রবিবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও ক্যানিংয়ে পৃথক রাজনৈতিক অশান্তির ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ভাঙড়ে আইএসএফ ও বিজেপির সংঘর্ষে উভয় পক্ষের কর্মীরা আহত হয়েছেন, অন্যদিকে ক্যানিংয়ে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভাঙড়-১ নম্বর ব্লকের কালেরআইট এলাকায় আইএসএফের একটি কর্মসূচি ছিল। অভিযোগ, সেই কর্মসূচিকে কেন্দ্র করেই বিজেপির সঙ্গে সংঘর্ষ বাধে। আইএসএফের দাবি, বিনা প্ররোচনায় বিজেপির কর্মীরা তাদের ওপর হামলা চালায় এবং কর্মসূচি পালনে বাধা দেয়। পাল্টা অভিযোগে বিজেপি নেতৃত্ব জানিয়েছে, আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরাই বিজেপির মঞ্চে হামলা চালিয়ে কর্মীদের মারধর করেছে। সংঘর্ষে আহতদের নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। মাধবপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে, ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বোদরা কালীতলা এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বড় আকার ধারণ করেছে। অভিযোগ, বিজেপি নেতা অর্পণ দাশ দলীয় কর্মসূচির প্রস্তুতি হিসেবে ফেস্টুন ও ব্যানার লাগাতে গেলে ৪ নম্বর মণ্ডল সভাপতি শ্রীবাস মণ্ডলের অনুগামীরা তাঁর ও তাঁর গাড়িচালকের ওপর চড়াও হন। অর্পণ দাশের দাবি, হামলাকারীদের মধ্যে বিমল সরকার নামে এক ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র ছিল।
সোমবার শমীক ভট্টাচার্যের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে এই ঘটনায় দলের অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে। শ্রীবাস মণ্ডল অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই ক্ষেত্রেই অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত চলছে।