বিল্ডিংয়ের সুরক্ষায় কড়া পদক্ষেপ, এবার কমিটিতে থাকছেন বিশেষজ্ঞ!

বিল্ডিংয়ের সুরক্ষায় কড়া পদক্ষেপ, এবার কমিটিতে থাকছেন বিশেষজ্ঞ!

 

কলকাতা পুরসভার বড় নির্মাণে নতুন নিয়ম: উচ্চতাভেদে যাচাই হবে স্ট্রাকচারাল স্টেবিলিটি

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: এবার থেকে কলকাতা পুরসভায় বড় নির্মাণের বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে নতুন বিধি কার্যকর হতে চলেছে। নির্মাণাধীন ভবনের উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রেখে তার ‘স্ট্রাকচারাল স্টেবিলিটি’ বা কাঠামোগত স্থিতিশীলতা নিশ্চিত করেই মিলবে অনুমোদন। পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডের এই প্রস্তাবে নবান্ন ইতিমধ্যেই সিলমোহর দিয়েছে।

এতদিন পর্যন্ত অনুমোদন পাওয়ার পর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা থার্ড পার্টি ভেরিফিকেশনের মাধ্যমে স্টেবিলিটি রিপোর্ট জমা দেওয়া হতো। কিন্তু তারাতলায় গোডাউন বিপর্যয়ের পর বড় নির্মাণগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় সরকার এই কঠোর অবস্থান নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটিতে (এমবিসি) রাইটস (RITES) এবং পূর্ত দপ্তরের বিশেষজ্ঞ প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হচ্ছে, যারা বিভিন্ন উচ্চতায় নির্মাণের কাঠামোগত নিরাপত্তা যাচাই করবেন।

উল্লেখ্য, সাত কাঠা বা ৫০০০ বর্গফুটের বেশি আয়তনের যেকোনো ‘নন-রেসিডেন্সিয়াল’ এবং সব ধরনের ‘কমার্শিয়াল’ নির্মাণ অনুমোদনের জন্য এমবিসি বৈঠক বাধ্যতামূলক। গত ফেব্রুয়ারি মাস থেকে এমবিসি বৈঠক বন্ধ থাকায় শহরে বহু বড় প্রকল্পের অনুমোদন আটকে ছিল, যার ফলে পুরসভার রাজস্ব আয়ের পথও সংকুচিত হয়েছিল। আগামী ১৪ নভেম্বর পুনরায় এমবিসি বৈঠক বসার কথা রয়েছে।

উচ্চতা অনুযায়ী নির্মাণকে তিনটি ধাপে ভাগ করা হয়েছে— ৪০ মিটার পর্যন্ত, ৪১ থেকে ১২০ মিটার এবং ১২০ মিটারের বেশি। তবে এই নিয়ম ঘোষণার পরেই প্রশাসনিক মহলে একাধিক প্রশ্ন উঠেছে। আধিকারিকদের একাংশের মতে, নকশা অনুমোদনের সময় স্ট্রাকচারাল স্টেবিলিটি খতিয়ে দেখা হলেও, কাজ চলাকালীন সেই নিয়ম মেনে কাজ হচ্ছে কি না, তা নজরদারি করার মতো পর্যাপ্ত লোকবল পুরসভার নেই।

পুরসভার এক আধিকারিক জানান, অতীতে শিবালিক অ্যাপার্টমেন্ট বিপর্যয়ের পর এই দায়িত্ব থার্ড পার্টি ভেরিফিকেশন বা নিবন্ধিত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। এখন নতুন এই বিধির ফলে মনিটরিংয়ের দায়ভার কে নেবে এবং লোকবলের অভাবে এই প্রক্রিয়া কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। প্রশাসনের বড় অংশের মতে, বিশেষজ্ঞ সংস্থা এবং পূর্ত দপ্তরকে যুক্ত করলেও শেষ পর্যন্ত সেই থার্ড পার্টি রিপোর্টের ওপরই ভরসা রাখতে হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *