স্মার্টফোনের জেদ মেটাতে ঘরছাড়া নাবালিকা, শেষে বিক্রি হলেন ৫০ হাজারে!

অরুণাচলের নিখোঁজ নাবালিকাকে বিহারে পাচারের পর উদ্ধার, ধৃত ৬
পুর্ণিয়া: সিলিগুড়ি থেকে অপহৃত অরুণাচল প্রদেশের এক নাবালিকাকে বিহারের পুর্ণিয়া থেকে উদ্ধার করল পুলিশ। মোবাইল ফোন না পাওয়ার অভিমানে বাড়ি থেকে বেরিয়ে পড়ে ওই কিশোরী মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়েছিল বলে জানা গেছে। এই ঘটনায় আন্তঃরাজ্য পাচার চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৬ নভেম্বর পুর্ণিয়ার বিশেষ অপরাধ দমন শাখার ডিএসপির কাছে একটি গোপন তথ্য আসে। সেখানে জানানো হয়, মরঙ্গা থানা এলাকার হরদা রেড লাইট এলাকায় এক নাবালিকাকে জোর করে দেহ ব্যবসায় লিপ্ত করা হয়েছে। এরপরই সিনিয়র এসপি-র নির্দেশে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়, যেখানে মহিলা থানা, মানব পাচার বিরোধী ইউনিট (AHTU) ও মরঙ্গা থানার পুলিশকে যুক্ত করা হয়।
অভিযান সফল করতে পুলিশ প্রথমে একজন কর্মীকে ‘ভুয়ো খদ্দের’ সাজিয়ে হরদা রেড লাইট এলাকায় পাঠায়। তথ্যের সত্যতা মিলতেই বিশাল পুলিশ বাহিনী এলাকায় হানা দেয়। ঘটনাস্থল থেকে ৩ জন পুরুষ ও ১ জন মহিলাকে আপত্তিকর অবস্থায় আটক করা হয় এবং প্রচুর আপত্তিকর সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, অভিযানের আঁচ পেয়েই মূল পাচারকারীরা নাবালিকাকে মুফাস্সিল থানা এলাকার আগা খান টোলার একটি গোপন আস্তানায় সরিয়ে ফেলেছে। এরপর পুলিশ দ্রুত সেই এলাকায় হানা দেয়। বাইক নিয়ে পালানোর সময় আরও ২ জনকে পাকড়াও করা হয় এবং সেখান থেকেই আতঙ্কিত অবস্থায় উদ্ধার করা হয় ওই নাবালিকাকে।
উদ্ধারের পর কিশোরী জানায়, মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে সে বাড়ি ছাড়ে। শিলিগুড়ি স্টেশনে এক অচেনা মহিলা তাকে বিউটি পার্লারে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিহারে নিয়ে আসে। তদন্তে জানা গেছে, আফতাব খান ওরফে অঙ্কিত তিওয়ারি নামে এক পাচারকারীর কাছে মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল।
পুর্ণিয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া ৬ অভিযুক্তকেই বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক (FSL) টিম। এই মানব পাচার চক্রের মূল শিকড় সন্ধানে ও ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত চালাচ্ছে পুলিশ।