দীপাবলির রাতে দাউদাউ আগুনে ভস্মীভূত জম্মুর বিশাল শস্য বাজার!

জম্মুর শস্য বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: দমকলের গাফিলতির অভিযোগে সোমবার বনধের ডাক
জম্মু: জম্মুর ঐতিহ্যবাহী শস্য বাজারে (ওয়্যারহাউস) রবিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোজ্য তেলের গুদামে লাগা এই আগুন দ্রুত পার্শ্ববর্তী দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে বাধ্য হয়ে বুলডোজার ব্যবহার করে বেশ কিছু দোকান ভেঙে ফেলতে হয়। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি দমকল বাহিনীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সোমবার জম্মু ও কাশ্মীরজুড়ে বনধের ডাক দিয়েছে স্থানীয় ব্যবসায়ী সংগঠন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে হঠাৎই ওই বাজারের একটি ভোজ্য তেলের গুদামে আগুন লাগে। গুদামে বিপুল পরিমাণ তেল মজুত থাকায় আগুন মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে এবং আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জম্মুর ডেপুটি কমিশনার, ডিভিশনাল কমিশনার এবং স্থানীয় বিধায়করা ঘটনাস্থলে পৌঁছান। আগুনের বিস্তার রোধ করে বাজারের অন্য দোকানগুলিকে রক্ষা করতে বুলডোজার দিয়ে বেশ কয়েকটি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ চেষ্টার পর দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে দমকল বাহিনীর অনুমান, দীপাবলির রাতে ফাটানো কোনো বাজির স্ফুলিঙ্গ থেকেই এই বিপর্যয়ের সূত্রপাত হতে পারে। পাশাপাশি শর্ট সার্কিট বা নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
এদিকে, এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ‘ওয়্যারহাউস ফেডারেশন’-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, অগ্নিকাণ্ডের খবর দেওয়ার পরেও দমকল বাহিনী সময়মতো পৌঁছায়নি। দমকলের এই চরম গাফিলতি ও উদাসীনতার প্রতিবাদে এবং যথাযথ বিচারের দাবিতে সোমবার জম্মু ও কাশ্মীরে বনধের ডাক দিয়েছে ব্যবসায়ী সংগঠনটি। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।