৪৮ ঘণ্টা জেলেই থাকলেই সাসপেন্ড সরকারি কর্মী, বড় রায় সুপ্রিম কোর্টের!

৪৮ ঘণ্টা জেলেই থাকলেই সাসপেন্ড সরকারি কর্মী, বড় রায় সুপ্রিম কোর্টের!

ঘুষকাণ্ডে অভিযুক্ত কর্মীর জামিন ও পুনর্বহাল নিয়ে বিহার সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের নিজস্ব প্রতিবেদন: ঘুষের মামলায় অভিযুক্ত সরকারি কর্মীর জামিন বাতিল এবং সাসপেনশন প্রত্যাহারের পর তাঁকে একই পদে পুনর্বহাল করার ঘটনায় বিহার সরকারকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, দুর্নীতির ক্ষেত্রে ঘুষের অঙ্ক ছোট হলেও তা বিবেচ্য বিষয় নয়। ঘটনার সূত্রপাত বিহারের সমষ্টিপুর সদর হাসপাতালে। সেখানকার প্রশাসনিক আধিকারিক বিশ্বজিৎ সিংয়ের বিরুদ্ধে এক চুক্তিভিত্তিক কর্মীর বকেয়া বেতন মেটানোর বিনিময়ে ৪ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের হয় এবং পুলিশ তাঁকে গ্রেফতার করে। ১৫ দিন বিচারবিভাগীয় হেফাজতে থাকার পর দায়রা আদালত তাঁকে জামিন দেয়। তবে পরে পাটনা হাইকোর্ট সেই জামিন বাতিল করে তাঁকে পুনরায় হেফাজতে নেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন বিশ্বজিৎ। শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশ খারিজ করে অভিযুক্তের জামিন বহাল রেখেছে। আদালতের পর্যবেক্ষণ, দায়রা আদালত ঘুষের অঙ্ক কম বলে জামিন দিলেও, হাইকোর্ট সেই মন্তব্যের সমালোচনা করতে পারত। কিন্তু প্রায় এক বছর পর জামিন বাতিল করার কোনো যৌক্তিকতা ছিল না। পাশাপাশি, অভিযুক্ত বিশ্বজিৎ সিংকে ফের চাকরিতে বহাল করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি পারদিওয়ালা বলেন, নিয়ম অনুযায়ী কোনো সরকারি কর্মী ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে তাঁকে স্বয়ংক্রিয়ভাবে সাসপেন্ড বলে গণ্য করতে হয়। অথচ বিশ্বজিৎকে প্রথমে সাসপেন্ড করা হলেও পরে সেই নির্দেশ প্রত্যাহার করা হয় এবং বিস্ময়করভাবে তাঁকে একই হাসপাতালে একই পদে পুনর্বহাল করা হয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে আদালত বিহার সরকারকে বিষয়টি দ্রুত খতিয়ে দেখে আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *