দুর্গাপুরে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন, প্রাণের ঝুঁকি নিয়ে বোতল উদ্ধারের জঘন্য দৃশ্য!

দুর্গাপুরে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন, প্রাণের ঝুঁকি নিয়ে বোতল উদ্ধারের জঘন্য দৃশ্য!

 

দুর্গাপুরে প্লাস্টিক গুদামে বিধ্বংসী আগুন, দীর্ঘ চেষ্টার পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদন, দুর্গাপুর: দুর্গাপুরের পিসিবিএল রোড সংলগ্ন একটি প্লাস্টিক গুদামে সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা গুদাম থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখে দমকলে খবর দেন। প্রচুর পরিমাণে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় গুদামে থাকা কর্মীরা আতঙ্কিত হয়ে পড়লেও, জীবনের ঝুঁকি নিয়ে বেশ কিছু প্লাস্টিকের বস্তা বাইরে বের করে আনার চেষ্টা করেন। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। টানা সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো, তা এখনও নিশ্চিত নয়। শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে দমকল বিভাগ ও কোকওভেন থানার পুলিশ যৌথ তদন্ত শুরু করেছে।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শনে যান দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। জনবসতিপূর্ণ এলাকায় এভাবে বেআইনিভাবে প্লাস্টিক মজুত রাখার তীব্র সমালোচনা করেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে এই ধরনের বিপজ্জনক গোডাউন চলছে।

বিধায়ক হুঁশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে এই ধরনের কারবার বন্ধ না হলে বড়সড় বিপদের আশঙ্কা রয়েছে। পুরো বিষয়টি নিয়ে দুর্গাপুর পুরনিগমের কমিশনারকে চিঠি দেওয়ার পাশাপাশি বেআইনিভাবে জমি ভাড়া দেওয়া ও গুদাম পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *