কালীপুজোর বিসর্জন নিয়ে বড় ঘোষণা, ৩৩টি ঘাটে কড়া নজরদারি কলকাতা পুরসভার!

কালীপুজোর বিসর্জন নিয়ে বড় ঘোষণা, ৩৩টি ঘাটে কড়া নজরদারি কলকাতা পুরসভার!

 

কালীপুজোয় বিসর্জনের প্রস্তুতি কলকাতা পুরসভার, অশান্তি ও বাজি ফাটানোর অভিযোগে ধৃত ৫৯২

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: কালীপুজোর প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা। ‘সিভিক অ্যারেঞ্জমেন্টস ডিউরিং কালীপুজো ২০২৬’ শীর্ষক নির্দেশিকা অনুযায়ী, আগামী ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে বিসর্জন পর্ব। পাশাপাশি, কালীপুজোর রাতে শহরজুড়ে আইনভঙ্গ ও নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে ৫৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কলকাতা পুরসভা সূত্রে খবর, এ বছর শহরে ৩৪০০টি কালীপুজো পরিচালনার জন্য কলকাতা পুলিশের অনুমতি দেওয়া হয়েছে। বিসর্জনের সুবিধার্থে শহরে মোট ৩৩টি ঘাট নির্দিষ্ট করা হয়েছে। এর মধ্যে হুগলি নদীর তীরে ২১টি, আদিগঙ্গায় ৩টি এবং অন্যান্য জলাশয় ও পুকুরে ৯টি ঘাট রয়েছে।

বিসর্জন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পার্ক, স্কোয়ার, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, আলো, স্বাস্থ্য ও জল সরবরাহসহ বিভিন্ন বিভাগকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ঘাটগুলিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং বায়ো-টয়লেট বসানো হয়েছে। স্বাস্থ্য পরিষেবার জন্য বিশেষ ডিউটি রোস্টারও তৈরি করা হয়েছে। জরুরি প্রয়োজনে পুরসভার কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২২৮৬-১২১২, ১৩১৩, ১৪১৪ এবং মোবাইল নম্বর ৯৮৩০৩-২৪৩৩০-তে যোগাযোগ করা যাবে।

অন্যদিকে, কালীপুজোর রাতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকেও কড়া নজর রেখেছিল কলকাতা পুলিশ। সোমবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ বাজি ফাটানোর দায়ে ২০৫ জন এবং বিশৃঙ্খল আচরণের জন্য ৩৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ২৩৮.৬ কেজি নিষিদ্ধ বাজি ও ৬ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে।

ট্র্যাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। হেলমেট না থাকায় ৪৫৪ জন বাইক আরোহী, বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে ৭৫ জন এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর দায়ে ৬৪ জন— মোট ৫৯৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে নজরদারি বজায় রাখতে পুলিশের বিশেষ দল মোতায়েন করা হয়েছিল বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *