কালীপুজোর বিসর্জনে তৎপর কলকাতা পুরসভা, গঙ্গার ৩৩ ঘাটে কড়া নজরদারি!

কালীপুজোর বিসর্জনে তৎপর কলকাতা পুরসভা, গঙ্গার ৩৩ ঘাটে কড়া নজরদারি!

 

কালীপুজোয় কড়া নজরদারি ও বিসর্জনের প্রস্তুতি, শহরে গ্রেপ্তার ৫৯২

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: চলতি বছরে কলকাতায় মোট ৩,৪০০টি কালীপুজোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। বিপুল সংখ্যক এই প্রতিমা নিরঞ্জনের জন্য শহরের বিভিন্ন প্রান্তে মোট ৩৩টি ঘাট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে হুগলি নদীর তীরে ২১টি, আদিগঙ্গায় ৩টি এবং শহরের অন্যান্য জলাশয় বা পুকুরে ৯টি স্থান নির্ধারণ করা হয়েছে।

বিসর্জন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কলকাতা পুরসভা বিশেষ পরিকাঠামোগত ব্যবস্থা গ্রহণ করেছে। পুরসভার পার্ক ও স্কোয়ার, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, আলো, স্বাস্থ্য, জল সরবরাহ, রাস্তা এবং সিভিল বিভাগের আধিকারিক ও কর্মীদের সমন্বয়ে এই প্রক্রিয়া তদারকি করা হবে। প্রধান ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বায়ো-টয়লেট স্থাপন এবং পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জরুরি স্বাস্থ্য পরিষেবার জন্য বিশেষ ডিউটি রোস্টার তৈরি করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুরসভার মূল কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। যোগাযোগের নম্বরগুলি হলো— ০৩৩-২২৮৬-১২১২ / ১৩১৩ / ১৪১৪ এবং মোবাইল নম্বর ৯৮৩০৩-২৪৩৩০।

অন্য দিকে, কালীপুজোর রাতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে শহরজুড়ে ব্যাপক অভিযান চালিয়েছে কলকাতা পুলিশ। সোমবার পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উৎসবের রাতে মোট ৫৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট ও পরিবেশ পর্ষদের নির্দেশিকা অমান্য করে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে ২০৫ জন এবং প্রকাশ্যে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ৩৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে ২৩৮.৬ কেজি নিষিদ্ধ বাজি ও ৬ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মোট ৫৯৩ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে হেলমেটহীন বাইক চালক ৪৫৪ জন, বেপরোয়া গাড়ি চালক ৭৫ জন এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ৬৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। উৎসবের মরসুমে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *