কালীপুজোর মণ্ডপে জীবন্ত ‘শোলে’! গব্বর-বীরু-বসন্তীর দাপটে ভাইরাল ডুয়ার্স!

কালীপুজোর মণ্ডপে জীবন্ত ‘শোলে’: রামগড়ের স্মৃতিতে বিভোর মালবাজার
নিজস্ব প্রতিবেদক, মালবাজার: ২৮তম বর্ষে পদার্পণ করে এসি মিলান ক্লাবের কালীপুজোর মণ্ডপ এখন বিনোদনের কেন্দ্রবিন্দু। ১৯৭৫ সালের কাল্ট ক্লাসিক সিনেমা ‘শোলে’-কে থিম হিসেবে বেছে নিয়ে মণ্ডপটিকে যেন এক টুকরো ‘রামগড়’-এ রূপান্তরিত করেছেন উদ্যোক্তারা।
মণ্ডপের প্রবেশপথেই তৈরি করা হয়েছে ‘শোলে’ সিনেমার আদলে এক সুবিশাল কৃত্রিম টিকিট ঘর। ভিতরে পা রাখলেই দর্শক ফিরে যাচ্ছেন সত্তরের দশকের সেই নস্টালজিক আবহে। মণ্ডপ জুড়ে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে সিনেমার বিভিন্ন ঐতিহাসিক দৃশ্য। যার মধ্যে রয়েছে রামগড় রেলস্টেশন, জেলখানা, ঠাকুর বলদেব সিংয়ের বাড়ির ব্যালকনিতে লণ্ঠন হাতে দাঁড়ানো রাধা, জলের ট্যাঙ্কের ওপর বীরুর সেই আইকনিক প্রেম নিবেদনের দৃশ্য এবং পাহাড়ের গুহায় গব্বরের ডেরা। এমনকি জয়-বীরুর সেই বিখ্যাত সাইডকার বাইক ও ঘোড়ার গাড়িও মণ্ডপের অন্যতম আকর্ষণ। এই শিল্পকর্মের মাঝেই প্রতিস্থাপিত হয়েছে দেবী কালীর প্রতিমা।
দীর্ঘ তিন বছরের পরিকল্পনায় এই থিম রূপায়িত হয়েছে বলে জানিয়েছেন ক্লাবের কর্মকর্তা দীপ ঘোষ ও রাজীব অধিকারী। এই সৃজনশীল কাজের কারিগর, মডেল ডেকরেটরের কর্ণধার সুপ্রতিম সরকার জানান, স্বল্প পরিসরে একটি ক্লাসিক সিনেমাকে তুলে ধরা বড় চ্যালেঞ্জ ছিল, যা দর্শনার্থীদের মুগ্ধ করেছে।
মণ্ডপ উদ্বোধনের সময় স্থানীয় বিধায়ক শুক্রা মুণ্ডা আয়োজকদের ভূয়সী প্রশংসা করে বলেন, এমন অসাধারণ ও বৈপ্লবিক ভাবনার প্রতিফলন সত্যিই প্রশংসনীয়।
মণ্ডপে প্রবেশ করা দর্শনার্থীদের বড় একটি অংশই সিনেমার সংলাপ আওড়ে নস্টালজিক হয়ে পড়ছেন। সব মিলিয়ে, মালবাজারের এসি মিলান ক্লাবের এই ব্যতিক্রমী আয়োজন দেখতে এখন দূর-দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ।