মুম্বইয়ে ব্লিঙ্কিট-জেপ্টোসহ একাধিক প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করল FDA

মুম্বইয়ে ব্লিঙ্কিট-জেপ্টোসহ একাধিক প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করল FDA

স্বাস্থ্যবিধি ও খাদ্য সুরক্ষায় চরম অনিয়ম: মুম্বইয়ে ব্লিঙ্কিট-জেপ্টোসহ একাধিক প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত নিজস্ব প্রতিবেদন: উৎসবের মরশুমে রাজ্যজুড়ে খাদ্য সুরক্ষা নিয়ে বড়সড় অভিযানে নামল মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা সংক্রান্ত গুরুতর অনিয়মের অভিযোগে মুম্বইসহ গোটা রাজ্য জুড়ে নামী রেস্তোরাঁ ও অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গত ৪ ও ৫ নভেম্বর এফডিএ-এর অভিযানে মুম্বইতেই ২৮টি প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই তালিকায় রয়েছে তরুণ প্রজন্মের জনপ্রিয় কুইক-কমার্স প্ল্যাটফর্ম ‘ব্লিঙ্কিট’ (Blinkit) ও ‘জেপ্টো’ (Zepto)। এছাড়া জনপ্রিয় ফুড চেন ‘বিরিয়ানি বাই কিলো’, ওরলির ‘টসিন পিৎজা’ এবং ‘জুম্বো বার্গার’-এর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে সবচেয়ে বেশি অনিয়ম ধরা পড়েছে বোরিভলির ‘রাজধানী বিরিয়ানি সেন্টার’-এ। চরম অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ খাবার মজুতের অভিযোগে প্রতিষ্ঠানটিকে সিল করে দেওয়া হয়েছে। এছাড়া পুনের তিনটি, অমরাবতীর দুটি এবং কোঙ্কন অঞ্চলের একটিসহ মোট সাতটি দোকান সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নাগপুরের একটি ‘ডি-মার্ট’ (D-Mart) শোরুমে বেআইনিভাবে সয়াবিন তেল মজুত রাখার দায়ে প্রচুর ভোজ্য তেল বাজেয়াপ্ত করা হয়েছে। পরিদর্শনকালে এফডিএ আধিকারিকরা রান্নাঘরে ইঁদুর ও পোকামাকড়ের উপদ্রব, অত্যন্ত নোংরা পরিবেশ, সঠিক তাপমাত্রায় খাবার সংরক্ষণ না করা এবং প্রয়োজনীয় বৈধ লাইসেন্সের অভাবের মতো ভয়াবহ চিত্র দেখতে পান। এই দুই দিনের অভিযানে ৬৯টিরও বেশি কেন্দ্র থেকে প্রায় ৩৯.৫ টন ভেজাল ও অনিরাপদ খাদ্যদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১.৩৫ কোটি টাকা। বাজেয়াপ্ত তালিকার মধ্যে রয়েছে বিষাক্ত মাওয়া, খোয়া, মানহীন পনির, ঘি ও মিষ্টিজাতীয় খাবার। পাশাপাশি ৭.৯৬ লক্ষ টাকার নিষিদ্ধ গুটখা ও পানমশলাও উদ্ধার করা হয়েছে। ঘটনায় ইতোমধ্যে তিনটি পৃথক এফআইআর রুজু হয়েছে এবং দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। খাদ্য বহনের কাজে ব্যবহৃত দুটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। এফডিএ কমিশনার তুকারাম মুন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “মানুষের স্বাস্থ্যের সঙ্গে জীবনঘাতী ছেলেখেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের পেটে বিষ তুলে দেওয়া ব্যবসায়ীদের রেয়াত করা হবে না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *