সৌর বিস্ফোরণের গতিপ্রকৃতি নিয়ে নতুন তথ্য দিল আদিত্য-এল১

সৌর বিস্ফোরণের গতিপ্রকৃতি নিয়ে নতুন তথ্য দিল আদিত্য-এল১ নিজস্ব প্রতিবেদক: এতদিন সূর্যের বিস্ফোরণের স্থির চিত্রের ওপর নির্ভর করে তার গতিপ্রকৃতি বোঝার চেষ্টা করতেন বিজ্ঞানীরা। তবে ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণ কেন্দ্র ‘আদিত্য-এল১’ (Aditya-L1) এই গবেষণায় এক যুগান্তকারী দিশা দেখাল। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, আদিত্য-এল১-এ থাকা ‘ভিজ়িবল এমিশন লাইন করোনাগ্রাফ’ (VELC) যন্ত্রের পাঠানো তথ্যের ভিত্তিতে সৌর বিস্ফোরণ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্য থেকে নির্গত উত্তপ্ত প্লাজমা সব দিকে সমানভাবে ছড়ায় না। অর্থাৎ, সৌর বিস্ফোরণের বিস্তার এবং গতিপ্রকৃতি সব ক্ষেত্রে সুষম হয় না। বিষয়টি ব্যাখ্যা করতে বিজ্ঞানীরা বেলুনের উদাহরণ টেনেছেন—যেমন বেলুনে বাতাস ভরলে তা সব দিকে সমানভাবে ফোলে না, তেমনই সৌর বিস্ফোরণের ক্ষেত্রেও কোথাও গতি বা বিস্তার বেশি, আবার কোথাও কম হতে পারে। VELC যন্ত্রটি সূর্যের দিকে এবং তার বিপরীত দিকে প্লাজমার গতি ও বিস্তারের পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রদান করছে। এই গবেষণার সাফল্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূর্য থেকে ধেয়ে আসা তীব্র গতির কণা ও শক্তির প্রভাব ‘স্পেস ওয়েদার’ বা মহাকাশের আবহাওয়ার ওপর সরাসরি প্রভাব ফেলে। এই সৌর ঝড়ের প্রভাবে পৃথিবীর কক্ষপথে থাকা কৃত্রিম উপগ্রহ, জিপিএস ব্যবস্থা এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, আদিত্য-এল১-এর এই পর্যবেক্ষণ সৌর বিস্ফোরণের পূর্বাভাস ব্যবস্থানকে আরও শক্তিশালী ও নির্ভুল করে তুলবে। এর ফলে ভবিষ্যতে মহাকাশে সম্ভাব্য বিপর্যয় এড়ানো সহজ হবে। মহাকাশ গবেষণার ক্ষেত্রে এটি ভারতের মুকুটে আরেকটি গৌরবোজ্জ্বল সংযোজন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা।