পিটি ঊষার বড় ধাক্কা, অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে বাজিমাত বাংলার দোলার!

ভারতীয় অলিম্পিক্স সংস্থার এসওএম নির্বাচনে পরাজিত পিটি ঊষা, অভিযোগ বিধিভঙ্গের
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় অলিম্পিক্স সংস্থার (আইওএ) বিশিষ্ট ক্রীড়াবিদ (এসওএম) নির্বাচনে পরাজিত হলেন কিংবদন্তি অ্যাথলিট পিটি ঊষা। নির্বাচনে জয়ী চারজন মহিলা ক্রীড়াবিদের মধ্যে তিনি জায়গা করতে পারেননি।
নির্বাচনের ফলাফলে দেখা গেছে, মেয়েদের বিভাগে নির্বাচিত হয়েছেন অঞ্জু ববি জর্জ (৫৩ ভোট), রানি রামপাল (৫০ ভোট), দোলা বন্দ্যোপাধ্যায় (৪৫ ভোট) এবং সাইনা নেহওয়াল। ৪০টি ভোট পেয়ে পঞ্চম স্থানে থেকে নির্বাচন থেকে ছিটকে যান পিটি ঊষা। অন্যদিকে, ছেলেদের বিভাগে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। গগন নারাং, বিজেন্দ্র সিংহ, যোগেশ্বর দত্ত এবং কমলেশ মেহতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন চলাকালীন নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছিলেন পিটি ঊষা। তাঁর অভিযোগ, প্রাক্তন তিরন্দাজ দোলা হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে একটি নির্দিষ্ট প্যানেলকে (‘নিউ ভারত প্যানেল’) ভোট দেওয়ার আর্জি জানিয়েছিলেন। ঊষার দাবি, নির্বাচনী বিধি অনুযায়ী সমাজমাধ্যম বা সংবাদমাধ্যমের সাহায্যে প্রচার করা বেআইনি। নির্বাচনী আধিকারিকের কাছে তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও যথাযথ ব্যবস্থার দাবি জানিয়েছিলেন। তবে এ বিষয়ে দোলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।
আইওএ-র সংবিধান অনুযায়ী, সভাপতি পদপ্রার্থী হতে গেলে প্রার্থীকে এসওএম অথবা সাধারণ সমিতির সদস্য হতে হয়। পিটি ঊষা নিজেও এসওএম হিসেবেই এর আগে আইওএ সভাপতি নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনে হারায় তাঁর পরবর্তী আইওএ কর্মসমিতির নির্বাচনে দাঁড়ানো নিয়ে জটিলতা তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী, তিনি অন্য কোনো জাতীয় ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধি হিসেবে মনোনয়ন পেতে পারেন। তবে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া তাঁকে প্রতিনিধি করতে রাজি না হওয়ায়, তাঁর সামনে সেই পথটিও আপাতত বন্ধ বলে মনে করা হচ্ছে।