সোশ্যাল মিডিয়ায় বারবার বাঁচার আর্জি! রহস্যজনক মৃত্যুতে তোলপাড় চিকিৎসক মহল!

সোশ্যাল মিডিয়ায় বারবার বাঁচার আর্জি! রহস্যজনক মৃত্যুতে তোলপাড় চিকিৎসক মহল!

 

নাগেরবাজারে হস্টেলে এনআরএস প্রাক্তনী চিকিৎসকের রহস্যমৃত্যু, র‍্যাগিং ও খুনের অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: কালীপুজোর বিকেলে নাগেরবাজারের একটি বেসরকারি হস্টেল থেকে অভিজিৎ সরকার (২৭) নামে এক তরুণ চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবার র‍্যাগিং ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলার পাশাপাশি এটিকে পরিকল্পিত খুন বলে দাবি করেছে।

নিহত অভিজিৎ এনআরএস মেডিক্যাল কলেজের প্রাক্তনী ছিলেন। তিনি ২০২৪ সালে এমবিবিএস পাশ করার পর ওই হাসপাতালেই প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে এক বছর হাউসস্টাফশিপ করেন। বর্তমানে তিনি নিট-পিজি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর ৩টে নাগাদ বাবার সঙ্গে শেষবার ফোনে কথা বলেছিলেন অভিজিৎ। সেই সময় তিনি অত্যন্ত আতঙ্কিত ছিলেন এবং বাবাকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেছিলেন, “তুমিও খুন হয়ে যেতে পারো।” মৃত্যুর আগে অভিজিতের ফেসবুক প্রোফাইলের বেশ কিছু পোস্ট তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে দাঁড়িয়েছে। সেখানে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা হেনস্থার ইঙ্গিত দিয়েছিলেন। পরিবারের অভিযোগ, সোশ্যাল মিডিয়ার পোস্টগুলি মুছে ফেলার জন্য তাঁর ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছিল।

অভিজিতের ভগ্নিপতি নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিবারের দাবি, হস্টেলের অন্দরে দীর্ঘদিন ধরে তাঁকে মানসিক নির্যাতন চালানো হতো। স্থানীয় ও হস্টেলের কয়েকজন আবাসিক জানিয়েছেন, মৃত্যুর দিন হস্টেলের ভেতর থেকে বাঁচার জন্য চিৎকারও শোনা গিয়েছিল। নদিয়ার কালীগঞ্জ থানার সাপজোলা গ্রামের বাসিন্দা মেধাবী এই চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর এলাকায়।

এদিকে, সোমবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় আরজি কর হাসপাতালে গিয়ে মৃত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করেন এবং ঘটনার নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের আশ্বাস দেন। দেহটি ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও ফরেন্সিক পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নাগেরবাজার থানা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *