সূর্যের অজানা রহস্য ফাঁস করল আদিত্য-এল১!

সূর্যের অজানা রহস্য ফাঁস করল আদিত্য-এল১!

 

সৌর বিস্ফোরণের গতিপ্রকৃতি নিয়ে নতুন তথ্য পেল আদিত্য-এল১

নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণ কেন্দ্র ‘আদিত্য-এল১’ সূর্যের রহস্য উন্মোচনে এক নতুন দিশা দেখাল। এতদিন বিজ্ঞানীরা সৌর বিস্ফোরণের স্থির চিত্রের মাধ্যমে এর প্রকৃতি বোঝার চেষ্টা করতেন, কিন্তু আদিত্য-এল১-এ থাকা অত্যাধুনিক যন্ত্র ‘ভিজ়িবল এমিশন লাইন করোনাগ্রাফ’ (VELC)-এর সহায়তায় এবার পাওয়া গেল আরও নিখুঁত ও গতিশীল তথ্য।

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক সূত্রে জানা গেছে, সূর্যের ওপর সার্বক্ষণিক নজরদারি চালানোর সময় VELC যন্ত্রটি পর্যবেক্ষণ করেছে যে, সূর্য থেকে নির্গত উত্তপ্ত প্লাজমা সব দিকে সমানভাবে ছড়ায় না। বিজ্ঞানীদের মতে, সৌর বিস্ফোরণের বিস্তার এবং গতিপ্রকৃতি পুরোপুরি অসম হতে পারে। ঠিক যেমন একটি বেলুন ফোলানোর সময় সব দিকে সমানভাবে না ফুলে কোথাও কম বা বেশি প্রসারিত হতে পারে, সৌর বিস্ফোরণের ক্ষেত্রেও একই প্রক্রিয়া লক্ষ্য করা গেছে। VELC-এর মাধ্যমে এখন মহাকাশযানের দিকে বা বিপরীত দিকে সৌর পদার্থের গতি ও বিস্তারের পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া সম্ভব হচ্ছে।

এই গবেষণার গুরুত্ব ব্যাখ্যা করে বিজ্ঞানীরা জানিয়েছেন, সৌর বিস্ফোরণের এই গতি ও দিক ‘স্পেস ওয়েদার’ বা মহাকাশের আবহাওয়ার ওপর সরাসরি প্রভাব ফেলে। পৃথিবীমুখী তীব্র সৌর বিস্ফোরণ বা প্লাজমা স্রোত পৃথিবীর কক্ষপথে থাকা কৃত্রিম উপগ্রহ, জিপিএস (GPS) ব্যবস্থা এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার ক্ষমতা রাখে। তাই এই বিস্ফোরণ কখন, কত গতিতে এবং কোন দিকে ধেয়ে আসছে, তার আগাম ও নির্ভুল পূর্বাভাস পাওয়া অত্যন্ত জরুরি।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এই সাফল্য ভবিষ্যতে মহাকাশের আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস ব্যবস্থাকে আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব মহাকাশ গবেষণার মানচিত্রে ভারতের এই অর্জন এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *