সূর্যের অন্দরে ভয়ঙ্কর তাণ্ডব! চমকে দেয়া তথ্য ফাঁস করল আদিত্য-এল১

সূর্যের অন্দরে ভয়ঙ্কর তাণ্ডব! চমকে দেয়া তথ্য ফাঁস করল আদিত্য-এল১

 

সৌর বিস্ফোরণের রহস্যভেদে নতুন দিশা ‘আদিত্য-এল১’-এর, সাফল্য পেল ইসরো

নিজস্ব প্রতিবেদক: এতদিন সূর্যের বিস্ফোরণের স্থির চিত্রের ওপর নির্ভর করে গবেষণার কাজ চললেও, ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণ কেন্দ্র ‘আদিত্য-এল১’ এই গবেষণায় এক যুগান্তকারী মোড় এনেছে। মহাকাশযানটিতে থাকা ‘ভিজ়িবল এমিশন লাইন করোনাগ্রাফ’ (VELC) যন্ত্রের পাঠানো তথ্যের ভিত্তিতে বিজ্ঞানীরা সূর্যের প্লাজমা বা গরম পদার্থের বিস্তার সম্পর্কে এক নতুন তথ্য উদঘাটন করেছেন।

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের তথ্য অনুযায়ী, সূর্যের কোনো বিস্ফোরণের সময় নির্গত পদার্থ সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে না। বেলুনে হাওয়া দিলে তা যেমন সব দিকে সমানভাবে না ফুলে কোথাও কম বা বেশি প্রসারিত হতে পারে, সূর্যের বিস্ফোরণের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। VELC যন্ত্রের মাধ্যমে বিজ্ঞানীরা এখন সৌর বিস্ফোরণের সময় গরম পদার্থের গতিপ্রকৃতি এবং তা কোন দিকে কত দ্রুত এগোচ্ছে, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করতে পারছেন।

বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার ‘স্পেস ওয়েদার’ বা মহাকাশের আবহাওয়া পূর্বাভাসের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূর্য থেকে নির্গত তীব্র গতিসম্পন্ন কণা ও শক্তির তরঙ্গ পৃথিবীর দিকে ধেয়ে এলে তা মহাকাশে বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারে। এই সৌর ঝড়ের প্রভাবে পৃথিবীর কক্ষপথে থাকা কৃত্রিম উপগ্রহ, জিপিএস (GPS) পরিষেবা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

আদিত্য-এল১-এর এই পর্যবেক্ষণ ভবিষ্যতে সৌর বিস্ফোরণের সময়, গতি ও অভিমুখ সম্পর্কে আরও নিখুঁত পূর্বাভাস পেতে সহায়তা করবে। এর ফলে পৃথিবীর মহাকাশ প্রযুক্তির সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব মহাকাশ গবেষণার মানচিত্রে ভারতের এই সাফল্যকে এক গৌরবোজ্জ্বল সংযোজন হিসেবেই দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *