৪০০ বছরের রহস্য! শান্তিপুরের আগমেশ্বরী কালীপুজোয় দেবীর দুপাশে শব শিশু কেন?

ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য মেলবন্ধন: শান্তিপুরের আগমেশ্বরী মাতার পুজো
শান্তিপুর: নবদ্বীপের কৃষ্ণানন্দ আগমবাগীশের বংশপরম্পরা এবং অদ্বৈতাচার্যের বংশধরদের সমন্বয়ে গড়ে ওঠা শান্তিপুরের আগমেশ্বরীতলার দেবী আগমেশ্বরী পুজো আজও বাংলার শাক্ত-বৈষ্ণব ঐক্যের এক অনন্য নিদর্শন। ৪০০ বছরের প্রাচীন প্রথা মেনে এখানে দেবীর আরাধনা অনুষ্ঠিত হয়।
ইতিহাস থেকে জানা যায়, প্রায় চার শতাব্দী আগে কৃষ্ণানন্দ আগমবাগীশের প্রপৌত্র সার্বভৌম আগমবাগীশের সঙ্গে অদ্বৈতাচার্যের পুত্র মথুরেশ গোস্বামীর কন্যার বিবাহ সম্পন্ন হয়। তৎকালীন শাক্ত সমাজ এই বৈবাহিক সম্পর্ক গ্রহণ না করায় কৃষ্ণানন্দ তাঁর জামাতা ও কন্যাকে নিজের বাড়িতে আশ্রয় দেন। জনশ্রুতি রয়েছে, শক্তির সাধনায় সিদ্ধিলাভ করার পর স্বপ্নে আগমেশ্বরীর রূপ দর্শন করেন কৃষ্ণানন্দ। সেই নির্দেশ অনুযায়ী, গঙ্গার মাটি দিয়ে দেবীমূর্তি গড়ে শুরু হয় পুজো। বর্তমানে যেখানে পঞ্চমুণ্ডীর আসন রয়েছে, সেই এলাকাটি ‘আগমেশ্বরীতলা’ নামে পরিচিত।
আগমেশ্বরী মাতার মূর্তির বিশেষত্ব হলো এর ১৮ ফুট উচ্চতা এবং অনন্য রূপসজ্জা। দীর্ঘ জিভ ও তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন দেবী এখানে শিবের ওপর দণ্ডায়মান। দেবীর দুই কানের পাশে ঝুলে থাকা দুটি শব শিশু এই প্রতিমাকে বিশেষ রূপদান করেছে, যা ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে প্রবল বিস্ময় জাগায়। প্রতি বছর বিজয়া দশমীর দিন থেকে পুজোর প্রস্তুতি শুরু হয় এবং পুজোর আগের দিন প্রতিমায় খড়িমাটি দেওয়া হয়।
শান্তিপুর বৈষ্ণবতীর্থ হওয়া সত্ত্বেও, এই পুজোকে কেন্দ্র করে শাক্ত ও বৈষ্ণব সম্প্রদায়ের এক অপূর্ব মিলনক্ষেত্র তৈরি হয়েছে। অদ্বৈতাচার্যের বংশধর ও শাক্ত পরিবারের যৌথ অংশগ্রহণে এই উৎসব পূর্ণতা পায়।
পুজোর ভোগ নিবেদনের ক্ষেত্রেও রয়েছে বিশেষ নিয়ম। গোস্বামী বাড়ির দীক্ষিত গৃহবধূরাই দেবীর জন্য ৩৬টি ব্যঞ্জনের ভোগ রান্না করেন। ভোগের তালিকায় থাকে লালশাক, কচুরশাক, পালংশাক, বিভিন্ন প্রকার ডাল, চালকুমড়ো, মিষ্টি কুমড়োর তরকারি, কচুরদম, বাঁধাকপি, ছানার ডালনা, এঁচড়, পোলাও, চাটনি ও নানা ধরনের মিষ্টি। দেবীর পুজোয় কোনো পশুবলি হয় না; পরিবর্তে দুটি আখ ও একটি চালকুমড়ো বলিদান দেওয়া হয়।
প্রতি বছরের মতো এবারও আগমেশ্বরী মাতার দর্শন ও প্রসাদ গ্রহণের জন্য দূর-দূরান্ত থেকে অগণিত ভক্ত ও দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা গেছে। ঐতিহ্যবাহী এই পুজোকে ঘিরে ভক্তদের মধ্যে আজও গভীর শ্রদ্ধা ও উদ্দীপনা পরিলক্ষিত হয়।