ভিআইপি নিরাপত্তার দায়িত্বে থাকা এনএসজি কমান্ডোদের পোশাকে আসছে বড় বদল

ভিআইপি নিরাপত্তার দায়িত্বে থাকা এনএসজি কমান্ডোদের পোশাকে আসছে বড় বদল

উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত এনএসজি কমান্ডোদের ঐতিহ্যবাহী কালো পোশাকে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তা বাহিনী। মূলত তীব্র গরমে কমান্ডোদের শারীরিক অসুস্থতা ও কাজের চাপের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত এপ্রিল মাসে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকা এক কমান্ডো ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দীর্ঘক্ষণ ভারী সরঞ্জাম ও কালো পোশাক পরে দায়িত্ব পালন করতে গিয়ে হিটস্ট্রোকের শিকার হন। এই ঘটনার পরই পোশাক পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পায়।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান কালো ইউনিফর্ম প্রচুর তাপ শোষণ করে, যা গরমের সময় কমান্ডোদের কর্মদক্ষতায় নেতিবাচক প্রভাব ফেলে। এই সমস্যা সমাধানে নাইলন ও তুলার মিশ্রণে তৈরি ‘নাইকো’ কাপড়ের সুপারিশ করা হয়েছে। এই বিশেষ কাপড় বাতাস ও আর্দ্রতা চলাচলে সহায়তা করে, ফলে পরিধানকারী তুলনামূলক সতেজ থাকতে পারেন। সিআরপিএফের কোবরা কমান্ডোরা জঙ্গল ও আর্দ্র আবহাওয়ায় এই ধরনের পোশাক ব্যবহার করে ইতিবাচক ফল পেয়েছেন।

নতুন এই পোশাকের পরীক্ষামূলক ব্যবহার ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী বছরের শুরুতে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনগুলিতে ভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকা এনএসজি কমান্ডোরা যাতে নতুন ও আরামদায়ক ইউনিফর্মে দায়িত্ব পালন করতে পারেন, সেই লক্ষ্যেই দ্রুত প্রস্তুতি চলছে। ভারতের মতো উষ্ণ আবহাওয়ার দেশে ব্ল্যাক ক্যাট কমান্ডোদের এই আধুনিক পোশাকের সিদ্ধান্ত অন্যান্য নিরাপত্তা বাহিনীর জন্যও একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *