ভোল্টাসের নতুন চেয়ারম্যান সুনীল ডি’সুজ়া, দায়িত্ব ছাড়লেন নোয়েল টাটা

ভোল্টাস লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সুনীল ডি’সুজ়া। গত ১১ নভেম্বর নোয়েল টাটা সংস্থার চেয়ারম্যান এবং পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় এই নেতৃত্বের পরিবর্তন হয়েছে। ৬ নভেম্বরের বৈঠকে ভোল্টাসের বোর্ড নোয়েলের অবসর গ্রহণের বিষয়টি অনুমোদন করে। ১২ নভেম্বর থেকে সুনীল ডি’সুজ়া আনুষ্ঠানিকভাবে এই নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন।
সুনীল ডি’সুজ়া বর্তমানে টাটা কনজ়িউমার প্রোডাক্টস-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে কর্মরত রয়েছেন। ২০২০ সালের এপ্রিল মাস থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি ভোল্টাসের পরিচালনা পর্ষদেরও সদস্য। দীর্ঘ কর্মজীবনে তিনি হিন্দুস্তান ইউনিলিভার, পেপসিকো এবং হোয়ার্লপুল ইন্ডিয়া-র মতো বিভিন্ন কনজ়িউমার পণ্য প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকায় কাজ করেছেন। ১৯৯৩ সালে হিন্দুস্তান ইউনিলিভারের হাত ধরে তাঁর কর্মজীবনের সূচনা হয়।
টাটা কনজ়িউমার প্রোডাক্টস-এ যোগ দেওয়ার আগে তিনি চার বছরেরও বেশি সময় ধরে হোয়ার্লপুল ইন্ডিয়া-র ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। ভারতীয় বাজারে সংস্থাটির ব্যবসায়িক রূপান্তরে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বর্তমানে টাটা গোষ্ঠীর বিভিন্ন সহযোগী সংস্থা যেমন টাটা ডিজিটাল, টাটা স্টারবাকস এবং ক্যাপিটাল ফুডস-এর পরিচালনা বোর্ডেও তিনি দায়িত্ব পালন করছেন। সুনীলের দীর্ঘ অভিজ্ঞতা ভোল্টাসের ভবিষ্যৎ যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।