উত্তরপ্রদেশে আইনজীবী খুনে গ্রেফতার মূল অভিযুক্ত ও তাঁর মা

উত্তরপ্রদেশে আইনজীবী খুনে গ্রেফতার মূল অভিযুক্ত ও তাঁর মা

উত্তরপ্রদেশের কন্নৌজের ছিবরামউ এলাকায় দীপাবলির রাতে আইনজীবী অনুজ চতুর্বেদীকে গুলি করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত অমোল দীক্ষিত ও তাঁর মা মুন্নি দেবীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ফরখাড়েবাদ বর্ডার সংলগ্ন কালী নদী এলাকা থেকে তাঁদের আটক করা হয়। কন্নৌজের পুলিশ সুপার এই গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই ঘটনায় জড়িত তৃতীয় অভিযুক্তের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশের একাধিক দল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপাবলির রাতে তুচ্ছ বিষয় নিয়ে বচসার জেরে কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক অমোল দীক্ষিত আইনজীবী অনুজ চতুর্বেদীর ওপর চার রাউন্ড গুলি চালান। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই আইনজীবী এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় উৎসবের আবহে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ২০২২ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতা ছিল। সেই সময় নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা অমোল দীক্ষিতের সঙ্গে পোলিং বুথের বাইরে অনুজ চতুর্বেদীর বচসা ও হাতাহাতি হয়েছিল। সেই পুরনো আক্রোশ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পলাতক বাকি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *