দীপাবলিতে বাজি ফাটানো নিয়ে বচসা, গুলিবিদ্ধ রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর জওয়ান

দীপাবলিতে বাজি ফাটানো নিয়ে বচসা, গুলিবিদ্ধ রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর জওয়ান

দীপাবলির রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে বচসার জেরে গুলিবিদ্ধ হলেন রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক জওয়ান। আক্রান্ত জওয়ানের নাম সৌরভ। তিনি ২০২১ সালে ভারতীয় সেনায় যোগ দেন এবং বর্তমানে রাষ্ট্রপতি ভবনে কর্মরত। ছুটিতে বাড়ি ফিরেছিলেন ২৬ বছর বয়সী এই জওয়ান। ঘটনার সময় তিনি নিজের বাড়ির সামনে ভাইদের সঙ্গে বাজি ফাটাচ্ছিলেন। সেই সময় গ্রামের বাসিন্দা ধীরজ ও তাঁর ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে সৌরভের বচসা শুরু হয়। অভিযোগ, বচসার এক পর্যায়ে ধীরজ দেশি পিস্তল বের করে গুলি চালান। গুলিটি সৌরভের মাথায় লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পর অভিযুক্ত দুই ভাই এলাকা ছেড়ে পালিয়ে যান। পরিবারের লোকজন দ্রুত সৌরভকে উদ্ধার করে প্রথমে বারৌতের একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁকে মিরাট মেডিক্যাল কলেজ এবং সবশেষে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে মাথা থেকে গুলি বের করা সম্ভব হলেও, জওয়ানের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

সৌরভের বাবার অভিযোগের ভিত্তিতে ধীরজ ও মনুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। বারৌতের সার্কল অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুই পরিবারের মধ্যে আগে থেকেই কোনো পুরনো বিবাদ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *