বিরিয়ানির নামে এই নোংরামি! ব্লিঙ্কিট-জেপ্টোর বিরুদ্ধে বড় পদক্ষেপ FDA-র

বিরিয়ানির নামে এই নোংরামি! ব্লিঙ্কিট-জেপ্টোর বিরুদ্ধে বড় পদক্ষেপ FDA-র

 

মুম্বই ও মহারাষ্ট্রে খাদ্য নিরাপত্তায় বড় অভিযান: ব্লিঙ্কিট-জেপ্টো সহ একাধিক প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত

নিজস্ব প্রতিবেদন, মুম্বই: উৎসবের মরশুমে স্বাস্থ্যবিধি ও খাদ্য সুরক্ষা সংক্রান্ত চরম অনিয়মের অভিযোগে মহারাষ্ট্র জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চালাল ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। গত ৪ ও ৫ নভেম্বর পরিচালিত এই মেগা অভিযানে নামী ফুড চেন, অনলাইন কুইক-কমার্স প্ল্যাটফর্ম সহ বহু প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

এফডিএ সূত্রে জানা গেছে, মুম্বইয়ের ২৮টি সহ রাজ্যজুড়ে মোট ৬৯টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এর মধ্যে তরুণ প্রজন্মের জনপ্রিয় কুইক-কমার্স অ্যাপ ‘ব্লিঙ্কিট’ (Blinkit) ও ‘জেপ্টো’ (Zepto)-র লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়া নামী ফুড চেইন ‘বিরিয়ানি বাই কিলো’, ‘টসিন পিৎজা’ (ওরলি শাখা) ও ‘জুম্বো বার্গার’-এর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

অভিযানের সময় চরম অব্যবস্থাপনার দায়ে মুম্বইয়ের ‘রাজধানী বিরিয়ানি সেন্টার’ সহ মোট ৭টি খাবার দোকান সম্পূর্ণ সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে পুনের ৩টি, অমরাবতীর ২টি ও কোঙ্কন অঞ্চলের ১টি প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি, নাগপুরের একটি ‘ডি-মার্ট’ শোরুমে বেআইনিভাবে সয়াবিন তেল মজুত রাখার অভিযোগে বিপুল পরিমাণ ভোজ্য তেল বাজেয়াপ্ত করা হয়েছে।

তদন্তকারী আধিকারিকদের মতে, পরিদর্শনকালে বেশ কিছু জায়গায় ভয়াবহ চিত্র উঠে এসেছে। রান্নাঘরে চরম অপরিচ্ছন্নতা, ইঁদুর ও পোকামাকড়ের উপদ্রব, নির্দিষ্ট তাপমাত্রার অভাবে দুগ্ধজাত ও ফারসানজাতীয় খাবার পচে যাওয়া এবং প্রয়োজনীয় বৈধ ফুড সেফটি লাইসেন্স ও ফিটনেস শংসাপত্র না থাকার মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে।

এই দুই দিনের অভিযানে ৩৯.৫ টন ভেজাল ও অনিরাপদ খাদ্যদ্রব্য বাজেয়াপ্ত করেছে এফডিএ, যার আনুমানিক বাজারমূল্য ১.৩৫ কোটি টাকা। বাজেয়াপ্ত সামগ্রীর মধ্যে রয়েছে বিষাক্ত মাওয়া, খোয়া, মানহীন পনির, ঘি ও শুকনো ফল। এছাড়াও আইন অমান্য করে বিক্রি করা ৭.৯৬ লক্ষ টাকার নিষিদ্ধ গুটখা ও পানমশলা উদ্ধার করা হয়েছে।

ঘটনায় ইতোমধ্যে ৩টি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে এবং খাদ্য বহনের কাজে ব্যবহৃত দুটি গাড়ি বাজেয়াপ্ত করেছে। এফডিএ কমিশনার তুকারাম মুন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “মানুষের স্বাস্থ্যের সঙ্গে জীবনঘাতী ছেলেখেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের পেটে বিষ তুলে দেওয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *