মহাকাশের পর এবার সমুদ্রের তলদেশে ইতিহাস গড়ার পথে ভারত!

গভীর সমুদ্র অভিযানে নতুন মাইলফলক ভারতের: ২০২৮ সালে ৬ হাজার মিটার গভীরে পাড়ি নিজস্ব প্রতিবেদক: সমুদ্রের অতল রহস্য উন্মোচনে এক অনন্য নজির গড়তে চলেছে ভারত। গত শুক্রবার তামিলনাড়ুর কাট্টুপল্লীতে প্রথমবারের মতো সাবমার্সিবলটির সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হলো ২০২৮ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার মিটার গভীরে ৩ জন সদস্যকে পাঠিয়ে গভীর সমুদ্র অভিযানে বিশ্বের এলিট ক্লাবে নাম লেখানো। সমুদ্রের ৬ হাজার মিটার গভীরের ‘অ্যাবিসাল জোন’ (Abyssal Zone) অত্যন্ত প্রতিকূল। সেখানে সূর্যের আলো পৌঁছায় না, তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি এবং জলের চাপ সমুদ্রপৃষ্ঠের তুলনায় প্রায় ৬০০ গুণ বেশি। এই চরম পরিবেশ মোকাবিলায় বিষ্ণুর ‘মৎস্য’ অবতারের নামানুসারে তৈরি করা হয়েছে বিশেষ এই সাবমার্সিবল। যানটির ককপিট ২.২৬ মিটার ব্যাসের এবং ৮০ মিলিমিটার পুরু বিশেষ টাইটানিয়াম খাদ (Titanium Alloy) দিয়ে নির্মিত, যা উচ্চচাপ সহ্য করতে সক্ষম। যাত্রীদের সুরক্ষায় যানটিতে রাখা হয়েছে অত্যাধুনিক লাইফ সাপোর্ট সিস্টেম, জরুরি যোগাযোগের ব্যবস্থা ও এস্কেপ মেকানিজম। সাধারণ কার্যক্রমে এটি টানা ১২ ঘণ্টা এবং জরুরি পরিস্থিতিতে ৯৬ ঘণ্টা পর্যন্ত অক্সিজেন সরবরাহ বজায় রাখতে পারবে। গভীর সমুদ্র অভিযানের এই প্রকল্পের মূল লক্ষ্য কেবল রেকর্ড গড়া নয়, বরং এর পেছনে রয়েছে বড় ধরনের অর্থনৈতিক উদ্দেশ্য। ভারত মহাসাগরের তলদেশে থাকা মূল্যবান পলিমেটালিক নডিউলস (Polymetalic Nodules) অনুসন্ধান করা হবে এই অভিযানের অন্যতম প্রধান কাজ। এই নডিউলগুলো থেকে ম্যাঙ্গানিজ, নিকেল, কোবাল্ট ও তামার মতো বিরল খনিজ পাওয়া যায়, যা আধুনিক ইলেকট্রনিক্স, ব্যাটারি উৎপাদন এবং পরিবেশবান্ধব শক্তি প্রযুক্তি তৈরির জন্য অপরিহার্য। ইতিমধ্যেই ভারত মহাসাগরের ৫ হাজার ২৭০ মিটার গভীরে ওয়াটার ক্রাশিং সিস্টেমের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর আগে ২০২৫ সালের আগস্ট মাসে ভারতীয় বিজ্ঞানীরা ফরাসি যান ‘নটিলে’র মাধ্যমে আটলান্টিক মহাসাগরের ৫ হাজার মিটার গভীরে প্রাথমিক অভিযান পরিচালনা করে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন। ২০২৮ সালের মিশন সফল হলে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, জাপান ও চীনের মতো বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের সারিতে জায়গা করে নেবে ভারত। এটি দেশের বৈজ্ঞানিক ও অর্থনৈতিক সক্ষমতাকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।