কলকাতায় ১.২ লক্ষ ভোটারের নাম বাদ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব কংগ্রেস

কলকাতায় ১.২ লক্ষ ভোটারের নাম বাদ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব কংগ্রেস

কলকাতায় প্রায় ১ লক্ষ ২০ হাজার বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। বিধানভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের রাজ্য কংগ্রেস পর্যবেক্ষক প্রদীপ নারওয়াল এই তথ্য তুলে ধরে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন। তাঁর দাবি, কেবল কলকাতাতেই নয়, হাওড়াতেও একইভাবে বহু মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। গত বিধানসভা নির্বাচনের আগেও রাজ্যে প্রায় ৯২ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছিল বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে সরকারের মুখপাত্র হিসেবে কাজ করছে বলে অভিযোগ তুলেছেন প্রদীপ নারওয়াল। তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন এবং টি এন শেষনের নিরপেক্ষ ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, কমিশনের স্বাধীন অস্তিত্বই ভারতীয় গণতন্ত্রের মূল ভিত্তি। এই পরিস্থিতির বিরুদ্ধে কংগ্রেস আইনগত ও মাঠপর্যায়ে লড়াই চালিয়ে যাবে বলে তিনি জানিয়েছেন।

দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার লড়াই। রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী জোট এই আন্দোলনে একজোট হয়েছে। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাহুল গান্ধীর সঙ্গে সরাসরি বিতর্কে বসার চ্যালেঞ্জও জানিয়েছেন কংগ্রেসের এই কেন্দ্রীয় পর্যবেক্ষক। এদিনের সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বসহ কলকাতার বিভিন্ন জেলা কংগ্রেস সভাপতিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *