সকাল ৬টা থেকে বেলা ১২টার মধ্যে কেন হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে?

সকাল ৬টা থেকে বেলা ১২টার মধ্যে কেন হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে?

আমাদের শরীর সার্কাডিয়ান রিদমের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে, যা রক্তচাপ ও রক্ত সঞ্চালনের মতো বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। বিশেষজ্ঞদের মতে, সকাল ৬টা থেকে বেলা ১২টার মধ্যে হার্ট অ্যাটাকের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। রাতে বিশ্রামের পর শরীর যখন জেগে ওঠে এবং দিনের কাজের জন্য প্রস্তুত হয়, তখন কর্টিসল ও অ্যাড্রেনালিনের মতো হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। এর ফলে রক্তচাপ ও হৃৎস্পন্দন হঠাৎ বেড়ে যায় এবং রক্ত কিছুটা ঘন হয়ে যায়, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়।

যাঁদের করোনারি আর্টারিতে আগে থেকেই প্লাক জমা থাকে, তাঁদের ক্ষেত্রে সকালের এই শারীরিক পরিবর্তনগুলো বিপদজনক হতে পারে। রক্তচাপের হঠাৎ বৃদ্ধিতে আর্টারিতে থাকা প্লাক ফেটে যেতে পারে, যার ফলে রক্ত জমাট বেঁধে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। ইউরোপীয় হার্ট জার্নালে প্রকাশিত গবেষণাতেও এই বায়োলজিক্যাল পরিবর্তনের সঙ্গে হার্ট অ্যাটাকের ঝুঁকির সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে শীতকালে এই ঝুঁকি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে।

জীবনযাত্রার অনিয়ম হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। পর্যাপ্ত ঘুমের অভাব, রাত জাগা, অতিরিক্ত ভোজন এবং মানসিক চাপ শরীরের বায়োলজিক্যাল ক্লককে ক্ষতিগ্রস্ত করে। সুস্থ থাকতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা, পরিমিত আহার এবং সকালে তাড়াহুড়ো না করে শান্তভাবে দিন শুরু করার অভ্যাস করা প্রয়োজন। প্রাত্যহিক জীবনের এই ছোট ছোট পরিবর্তনগুলো শরীরের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *